‘খাদান’-এর চেয়েও বেশি মশলাদার! দেব-শুভশ্রীর নতুন ছবি নিয়ে কী বললেন পার্থসারথি?

টলিউডের মেগা প্রজেক্ট ‘দেশু ৭’ নিয়ে অনুরাগীদের উন্মাদনা এখন তুঙ্গে। দেব ও শুভশ্রীর পাশাপাশি এই ছবির অন্যতম বড় আকর্ষণ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং জনপ্রিয় কৌতুকাভিনেতা পার্থসারথি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির শুটিংয়ের অভিজ্ঞতা, দেবের পরিচালনা এবং অনির্বাণের নতুন লুক নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন পার্থসারথি।
পরিচালক দেবকে নিয়ে উচ্ছ্বসিত পার্থসারথি: দেব ও সহ-অভিনেতা থেকে এবার পরিচালকের আসনে—এই রূপান্তরকে খুব কাছ থেকে দেখেছেন পার্থসারথি। তাঁর কথায়, “‘দেশু’ ব্র্যান্ডটাকে সামলানো মুখের কথা নয়। কিন্তু পরিচালক হিসেবে দেব যেভাবে মাথা ঠান্ডা রেখে এত বড় প্রজেক্ট সামলেছে, তা সত্যিই অভাবনীয়। দেবের মেজাজ হারাতে দেখিনি। ‘খাদান’ বা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র কাজ করার সময়ই বুঝেছিলাম ও একদিন ডিরেক্টরের চেয়ারে বসবে, আর সেটাই সত্যি হলো।”
অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে বড় দাবি: দীর্ঘ বিরতির পর বড় পর্দায় অনির্বাণের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। মঞ্চের পুরনো বন্ধুকে প্রথমবার বড় পর্দায় সহ-অভিনেতা হিসেবে পেয়ে আপ্লুত পার্থসারথি। অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, “ও অসম্ভব শক্তিশালী ও পেশাদার একজন অভিনেতা। দর্শক অনির্বাণকে এই ছবিতে এমন এক চমকপ্রদ চরিত্রে দেখবেন, যা আগে কখনও দেখেননি। জোর গলােই বলছি, দারুণ লাগবে।”
নিজের চরিত্র ও ছবির ইউএসপি: নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে হাসিমুখে অভিনেতা ফাঁস করেন যে, তাঁর এই চরিত্রটি সম্পূর্ণভাবে কমেডি ঘরানার। দেব, শুভশ্রী ও অনির্বাণ—প্রত্যেকের সঙ্গেই স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা দুর্দান্ত হয়েছে। সবশেষে ছবির বাজেট ও কন্টেন্ট নিয়ে বলতে গিয়ে তাঁর সংযোজন, “‘দেশু ৭’ পুরোপুরি একটি কমার্শিয়াল মশলা ছবি, যার বাজেট পিলে চমকে দেওয়ার মতো! ‘খাদান’ দেখে যদি মজা পেয়ে থাকেন, এই ছবি দেখে তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ পাবেন।”