কমছে তারুণ্য, বয়সের ছাপ চোখে মুখে? এই জাদুকরী অভ্যাসে ফের চকচকে হবে ত্বক!

সারাদিনের ছোটাছুটি ও কাজের চাপের পর একটা ভালো ঘুম শুধু শরীর আর মনকেই চাঙ্গা করে না, এটি আমাদের ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতেও সমানভাবে জরুরি। তবে বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই পর্যাপ্ত ঘুমের সুযোগ পান না। আর তার খেসারত দিতে হয় আমাদের ত্বককে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কম ঘুমালে ত্বকের নিজস্ব মেরামতের কাজ ব্যাহত হয়, যার সরাসরি প্রভাব পড়ে চেহারায়।
ত্বকের তারুণ্যে ঘুমের ভূমিকা
স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন শরীর কেবল বিশ্রাম নেয় না, বরং ত্বকের কোষগুলো নিজেদের সারিয়ে তোলার কাজ করে। ঘুমের সময় ত্বকে রক্তপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে কোষে কোষে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ বাড়ে। একই সঙ্গে শরীর পর্যাপ্ত পরিমাণে কোলাজেন তৈরি করে, যা ত্বককে টানটান, শক্তিশালী এবং স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত বিশ্রাম কেবল মুখের সতেজতা ফেরায় না, বরং সারাদিনের ধুলোবালি, রোদ এবং দূষণের কারণে ত্বকের যে ক্ষতি হয়, তা পুষিয়ে নিতে সাহায্য করে। পাশাপাশি এটি মানসিক চাপ কমায়, যার ইতিবাচক প্রভাব পড়ে পুরো চেহারায়। তবে কেবল ঘুমই সব সমস্যার সমাধান নয়; এর পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল পান এবং সঠিক স্কিন কেয়ার রুটিন বজায় রাখাও সমানভাবে প্রয়োজন।
ঘুমের অভাবে ত্বকে যে ক্ষতি হয়
নিয়মিত কম ঘুমালে বা অনিদ্রার সমস্যা থাকলে তার প্রথম প্রভাব পড়ে চোখের নিচে। চোখের তলায় কালচে দাগ ও ফোলাভাব স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া মুখের স্বাভাবিক দীপ্তি হারিয়ে যায় এবং ত্বক ক্লান্ত দেখায়। দীর্ঘদিন ধরে ঘুমের ব্যাঘাত ঘটলে ত্বক তার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষমতা হারাতে শুরু করে, যার ফলে অকালেই মুখে বলিরেখা ও বয়সের ছাপ পড়তে পারে।
কতটা ঘুম জরুরি?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সুস্থ ও তরতাজা ত্বকের পাশাপাশি সার্বিক সুস্বাস্থ্যের জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। মাঝে মাঝে এক-আধ দিন কম ঘুমালে বড় কোনো সমস্যা না হলেও, এটি যদি দীর্ঘমেয়াদী অভ্যাসে পরিণত হয় তবে তা ত্বক ও শরীর উভয়ের জন্যই ক্ষতিকর।
ঘুমের মান উন্নত করতে জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন আনা যেতে পারে। যেমন— প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা, রাতে শোওয়ার সময় মোবাইল বা অন্যান্য স্ক্রিনের ব্যবহার কমানো এবং সন্ধ্যার পর চা-কফি বা ক্যাফেইন জাতীয় পানীয় এড়িয়ে চলা। ছোট এই অভ্যাসগুলোই ফিরিয়ে দিতে পারে আপনার ত্বকের হারানো জেল্লা।