‘জীবন তো আর সিরিয়াল নয়, সংসার তো চালাতে হবে!’ ট্রোলিং ও ব্যক্তিগত জীবন নিয়ে বোমা ফাটালেন রণজয় বিষ্ণু

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রেম ও বিয়ে—ট্রোলিংয়ের মুখে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। সমাজমাধ্যমের পাতা যখন তাঁকে নিয়ে উত্তাল, তখন সমস্ত জল্পনাকে উড়িয়ে নিজের কাজকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। ট্রোটারদের কটাক্ষ থেকে শুরু করে জীবনের কঠিন পাঠ—টিভিনাইন বাংলাকে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে যাবতীয় ক্ষোভ ও অভিমানে জল ঢেলে দিলেন অভিনেতা।

রণজয়ের কথায়, মানুষের জীবনে এমন পরিস্থিতির ক্ষেত্রে মূলত চারটি পর্যায় আসে। প্রথম ধাপে এই ধরনের ভিত্তিহীন কথা দেখে মাথা গরম হয়ে যায়। দ্বিতীয় ধাপে পুরনো স্মৃতি জড়িয়ে থাকায় তার প্রতিক্রিয়া তৈরি হয়। তৃতীয় ধাপে এসে মানুষ হাল ছেড়ে দেয়, কারণ মিথ্যেকে প্রমাণ করতে হয় অথচ সত্যের কোনও প্রমাণের প্রয়োজন হয় না। আর চতুর্থ ও শেষ ধাপে কেবল হাসি পায়। সব ভুলে নিজের মতো এগিয়ে যাওয়াকেই শ্রেয় মনে করেন তিনি।

অভিনেতার স্পষ্ট কথা, সাধারণ মানুষের মতো তাঁকেও নিজের সংসার চালাতে হয়, দায়িত্ব সামলাতে হয়। সারাদিন শুটিং আর আসন্ন ছবির প্রচারে ব্যস্ত থাকা রণজয়ের সাফ বার্তা, জীবন কোনও সিনেমা বা সিরিয়ালের গল্প নয়। সমাজমাধ্যমে নেটিজেনদের একাংশের করা ‘চুক্তিভিত্তিক বিয়ে’র মতো কটাক্ষকেও উড়িয়ে দিয়েছেন তিনি।

বিতর্ক এবং জল্পনা দূরে সরিয়ে এখন তাঁর পাখির চোখ শুধুই কাজ। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে তাঁর নতুন ডার্ক থ্রিলার ছবি ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’। পরিচালক সৌম্য রায় চৌধুরীর এই ছবিতে রণজয়ের বিপরীতে দেখা যাবে অনিন্দিতা বসুকে। গ্রামের নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে থাকা এক রহস্যময় জগতকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন তাঁরা। পরকীয়া বা ব্যক্তিগত বিতর্ক নয়, দর্শকদের মুখে কেবল তাঁর অভিনয় নিয়েই আলোচনা উঠুক—এটাই এখন অভিনেতার একমাত্র চাওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *