পরকীয়ার বলি বাবা-ছেলে! মাঝরাতে প্রেমিককে ডেকে এনে যা করলেন স্ত্রী, শিউরে উঠবে বেঙ্গালুরু হত্যাকাণ্ড

পরকীয়া সম্পর্কের জেরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী রইল বেঙ্গালুরু। এক রাতেই স্ত্রীর হাতে শেষ হয়ে গেল একটি আস্ত পরিবার। ৩৪ বছর বয়সী স্বামী ও তাঁর চার বছরের নিষ্পাপ সন্তানের নিথর দেহ উদ্ধার হয়েছে চিক্কাবানাভারা এলাকার একটি বাড়ি থেকে। অভিযুক্ত গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়েছে, তবে ঘটনার পর থেকেই পলাতক তাঁর প্রেমিক।

কী ঘটেছিল সেই রাতে?
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বচসা হয়েছিল। বিছানা গোছানো এবং মশারি টাঙানো নিয়ে শুরু হওয়া সেই ঝগড়া চরমে পৌঁছালে স্ত্রী খুন্তি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এরপর বিবাদের জেরে দুজনে আলাদা ঘরে ঘুমাতে যান।

তদন্তে উঠে এসেছে, এরপরই অভিযুক্ত স্ত্রী গোপনে তাঁর প্রেমিককে বাড়িতে ডাকেন। প্রেমিক বাড়িতে আসতেই দুজনে মিলে গভীর রাতে ঘুমন্ত স্বামীর ঘরে ঢুকে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন। খুনের সময় চার বছরের শিশুর ঘুম ভেঙে যায় এবং সে কান্নাকাটি শুরু করে। খুনের ঘটনা জেনে ফেলায় মায়ের প্রতি মমতা কাজ করেনি ওই মহিলার। বরং অপরাধ লুকাতে সে নিজের সন্তানের মুখেই বালিশ চাপা দিয়ে তাকেও নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে।

পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপ
ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গৃহবধূ বাড়িতে ঢোকার আগেই সিসিটিভি ক্যামেরাগুলি বন্ধ করে দিয়েছিলেন, যাতে প্রমাণ লোপাট করা যায়। বর্তমানে ওই গৃহবধূকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর পলাতক প্রেমিকের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পরকীয়া সম্পর্কই এই ভয়াবহ হত্যাকাণ্ডের মূল কারণ। ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *