বেকারদের জন্য বাম্পার উপহার! যুবশক্তি প্রকল্পে প্রতি মাসে মিলবে ৩ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন?

রাজ্যে পরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের কল্যাণে একের পর এক নতুন প্রকল্প চালু করেছে সরকার। মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’-র পাশাপাশি এবার বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে মোটা অঙ্কের আর্থিক সহায়তা পেতে চলেছেন।
যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের আর্থিক সহায়তা
এবারের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য ‘ভরসা’ কর্মসূচির ঘোষণা করা হয়েছিল, যা মূলত ‘যুবশক্তি প্রকল্প’ নামেই পরিচিত। অতীতে তৃণমূল আমলের যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের আদলেই এই নতুন যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প শুরু করা হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবকদের প্রতি মাসে ৩ হাজার টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট নিয়ম ও মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে:
নাগরিকত্ব ও বাসস্থান: আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
কর্মসংস্থান: আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে, অর্থাৎ তিনি অন্য কোনো পেশা বা চাকরির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
পারিবারিক আয় ও অন্যান্য শর্ত: আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। পাশাপাশি, ইতিপূর্বে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র এমন পরিবারের প্রার্থীরাই এই প্রকল্পের আওতায় আসার যোগ্য বলে বিবেচিত হবেন।
কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া?
সরকারি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আসছে দুর্গাপুজোর আগেই ‘যুবশক্তি’ প্রকল্পের অফিসিয়াল পোর্টালটি আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে। পোর্টাল চালুর পরেই শুরু হবে আবেদন গ্রহণ পর্ব। আবেদন জমা পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের যোগ্যতা যাচাই বা ভেরিফিকেশন করা হবে। সেখানে প্রার্থীর সমস্ত তথ্য সঠিক ও যোগ্য বলে প্রমাণিত হলেই প্রতি মাসে নিয়মিতভাবে এই আর্থিক অনুদান তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।