টাকা পাননি? অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও স্ট্যাটাস চেক নিয়ে এল নতুন নির্দেশিকা

১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। আগামী দুই-তিন দিন ধরে এই প্রক্রিয়া চলবে। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ১০ জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের পর যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ফের আবেদন করার সুযোগ পাবেন। কিন্তু কোথায় এবং কবে থেকে আবেদন করা যাবে, কিংবা কীভাবে বুঝবেন আপনার নাম তালিকা থেকে বাদ পড়েছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য বা স্ট্যাটাস দেখার জন্য এতদিন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আবেদন করা হতো। তবে ৩১ জুলাইয়ের পর থেকে পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সেখান থেকে কোনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না। নবান্নে এক সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, পোর্টালে ভেরিফিকেশনের কাজ চলার কারণেই এটি বন্ধ রাখা হয়েছে এবং ১৯ অগস্ট থেকে পোর্টালটি ফের খুলে দেওয়া হবে।

কোথায় এবং কীভাবে আবেদন করবেন?
সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালেই পুনরায় আবেদন করা যাবে এবং ১৯ অগস্ট থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে এটি নতুন আবেদনকারীদের জন্য নয়, মূলত যাঁদের নাম ভেরিফিকেশনে বাদ পড়েছে, তাঁরাই এই সুযোগ পাবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের অ্যাকাউন্টে ১৭ অগস্ট টাকা ঢোকেনি, তাঁদের জন্য পুনরায় ভেরিফিকেশন হবে এবং তার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে ক্লেম বা অবজেকশন করতে হবে।

১৯ অগস্ট পোর্টালে একটি তালিকা প্রকাশ করা হবে, যেখানে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম এবং তার কারণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

নাম বাদ পড়ার কারণ ও পরবর্তী পদক্ষেপ
২০ অগস্টের মধ্যে টাকা না ঢুকলে আবেদনকারীকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে কী কারণে নাম বাদ গিয়েছে তা দেখে নিতে হবে। অনেক ক্ষেত্রে কারণ হিসেবে করদাতা (IT Paid), ১০ হাজারের বেশি আয়, অথবা ‘নট ফাউন্ড’ (ভেরিফিকেশনের সময় বাড়িতে না পাওয়া গেলে) লেখা থাকতে পারে।

কারণ খতিয়ে দেখে সঠিক তথ্য দিয়ে পোর্টালে ক্লেইমস ও অবজেকশন করা যাবে। এরপর পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং আবেদনকারী যোগ্য বিবেচিত হলে তাঁদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *