প্রোপাগান্ডার তকমা আর মৃত্যুর ভয় দেখানোর পরেও মাথা নোয়াননি! চাঞ্চল্যকর মুখ খুললেন অভিনেতা বিক্রান্ত মেসি

চলতি সময়ের অত্যন্ত আলোচিত অভিনেতা বিক্রান্ত মেসির ক্যারিয়ারে অন্যতম মাইলফলক হিসেবে ধরা হয় ‘দ্য সবরমতি রিপোর্ট’ সিনেমাটিকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবি মুক্তির পরের ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা। ছবি মুক্তির পরপরই তাঁর জীবনে নেমে এসেছিল বড় ধরনের বিপর্যয়। প্রকাশ্যে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে ব্যক্তিগত ফোন নম্বর ও গাড়ির নম্বর সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল।
সম্প্রতি শেখর সুমনের একটি অনুষ্ঠানে অতীতের সেই কঠিন দিনগুলির স্মৃতিচারণ করতে গিয়ে বিক্রান্ত জানান, ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিটি তাঁর কাছে অত্যন্ত গর্বের। ছবিটিকে অনেকে প্রোপাগান্ডা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেও, এটি মূলত একটি ট্রেন পুড়িয়ে দেওয়ার পেছনের সত্য ঘটনা তুলে ধরেছিল। তবে এর জেরে তাঁকে অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।
অভিনেতা জানান, সেই সময়ে তাঁর ছয় মাসের শিশুপুত্র ছিল, যার ফলে পুরো বিষয়টি তাঁকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। একপর্যায়ে তিনি চিরতরে অভিনয় জগত থেকেই সরে দাঁড়ানোর কথা ভাবতে শুরু করেছিলেন। তবে পরবর্তীতে তিনি উপলব্ধি করেন, অন্যের কথায় কান না দিয়ে নিজের পরিবারকে সুরক্ষিত রাখাই তাঁর একমাত্র অগ্রাধিকার।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ নভেম্বর মুক্তি পাওয়া এই রাজনৈতিক থ্রিলারটি পরিচালনা করেছিলেন ধীরাজ সারনা। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই ছবি নির্মিত হয়েছিল। চলচ্চিত্রে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বিক্রান্ত মেসি।