জাত থেকে শুরু করে কোভিডের টিকা! জনগণনার ফর্ম প্রকাশ পেতেই কপালে চিন্তার ভাঁজ দেশবাসীর

১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দেশের দ্বিতীয় দফার জনগণনা। তার আগে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪০টি প্রশ্নের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই নতুন নির্দেশিকায় আগের তুলনায় বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা।
যে ১৩টি নতুন প্রশ্ন যুক্ত হলো
কেন্দ্রের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১১ সালের জনগণনার প্রশ্নপত্রের সঙ্গে এবার আরও ১৩টি নতুন প্রশ্ন যুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণ মানুষকে। তালিকায় থাকা ২৯টি পুরনো প্রশ্নের পাশাপাশি এবার বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছে।
প্রথমবারের মতো জনগণনার ফর্মে জীবনসঙ্গীর নাম, তাঁর নাগরিকত্ব, বাবা ও মায়ের বিস্তারিত তথ্য, ডিজিটাল সাক্ষরতা, স্থায়ী ঠিকানা, কোভিডের টিকাকেন্দ্রের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা, পাসপোর্টের নম্বর, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নম্বর, সেই সঙ্গে আধার এবং ভোটার কার্ডের নম্বর চাওয়া হয়েছে।
NPR-এর সঙ্গে মিল নিয়ে বিতর্ক
রাজনৈতিক মহলের একাংশের মতে, এবারের জনগণনার বেশ কিছু প্রশ্নের সঙ্গে ২০১৯ সালে প্রস্তাবিত জাতীয় জনসংখ্যা পঞ্জি বা NPR-এর মিল রয়েছে। সেসময় প্রথম দফার জনগণনার সঙ্গে NPR করার কথা থাকলেও বিরোধ ও প্রতিবাদের জেরে তা স্থগিত রাখতে হয়েছিল। সেই ডেটা সংগ্রহ করে এনআরসি (NRC)-তে ব্যবহার করা হতে পারে বলেও সেই সময় অভিযোগ তুলেছিল বিরোধীরা।
জনগণনার জন্য যে ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র, সেগুলি হল-
১) সংশ্লিষ্ট ব্যক্তির নাম
২) পরিবারের প্রধান সদস্যের সঙ্গে সম্পর্ক
৩) লিঙ্গ পরিচয়
৪) জন্মের সাল এবং বয়স (বছরের হিসেবে)
৫) বিবাহিত না অবিবাহিত
৬) বিয়ের বয়স (বছরের হিসেবে)
৭) জীবনসঙ্গীর নাম
৮) ঘোষিত ভাবে কোন দেশের নাগরিক
৯) ধর্মবিশ্বাস
১০) তফসিলি জাতি/তফসিলি জনজাতি/জাতি
১১) বাবার তথ্য (নাম, জন্মস্থান, নাগরিকত্ব, বয়স সংক্রান্ত তথ্য)
১২) মায়ের তথ্য (নাম, জন্মস্থান, নাগরিকত্ব, বয়স সংক্রান্ত তথ্য)
১৩) শারীরিক প্রতিবন্ধকতা
১৪) মাতৃভাষা এবং অন্য ভাষাজ্ঞান
১৫) সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতা
১৬) স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত কি না
১৭) কতদূর পড়াশোনা, কোন বিভাগে পড়াশোনা
১৮) জনগণনা সমীক্ষার আগের ১২ মাসে কোথাও কর্মরত ছিলেন কি না
১৯) কর্মরত কি না, স্থায়ী না অস্থায়ী চাকুরি
২০) পেশা
২১) কোন ক্ষেত্রে, শিল্প, বাণিজ্য না পরিষেবা
২২) কোন শ্রেণির কর্মী
২৩) অর্থনৈতিক নয় এমন কার্যকলাপ (প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের)
২৪) কাজের সন্ধান করছেন কি না (প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের)
২৫) বাড়ি থেকে অফিস যাতায়াত কী ভাবে
২৬) জন্মস্থান
২৭) শেষ ঠিকানা
২৮) ঠিকানা বদলের কারণ
২৯) বর্তমান ঠিকানায় কদতিন ধরে বাস
৩০) স্থায়ী ঠিকানা
৩১) বর্তমানে সন্তানের সংখ্যা (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন এবং স্বামীবিচ্ছিন্নাদের জন্য)
৩২) মোট সন্তান কয়’টি (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন এবং স্বামীবিচ্ছিন্নাদের জন্য)
৩৩) গত এক বছরে জীবিত সন্তানের সংখ্য়া (বিবাহিত মহিলাদের জন্য)
৩৪) কোভিড-১৯ টিকাকেন্দ্রের নাম
৩৫) মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট
৩৬) মোবাইলনম্বর (থাকলে)
৩৭) আধার নম্বর (থাকলেে)
৩৮) ভোটার আইডি নম্বর (থাকলে)
৩৯) পাসোপোর্টের নম্বর (থাকলে)
৪০) ড্রাইভিং লাইসেন্স আছে কি না