‘বিসিআইয়ের কাজ এটা নয়!’ ন্যালসারের ছাত্র বিক্ষোভে সরাসরি হস্তক্ষেপ নিয়ে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি

ন্যাসালর ইউনিভার্সিটি অফ ল (NALSAR)-এর সমাবর্তন ঘিরে তৈরি হওয়া ছাত্র বিক্ষোভ এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া (BCI)-এর ভূমিকা নিয়ে এবার অত্যন্ত কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, পড়ুয়াদের সঙ্গে তাঁর সরাসরি কথোপকথন বা ডায়ালগের মাঝে নাক গলানোর কোনো এক্তিয়ার বিসিআইয়ের নেই।

কী নিয়ে শুরু হয়েছিল বিতর্ক?
সম্প্রতি ন্যাসারের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে একদল পড়ুয়া আপত্তি তুলেছিলেন। আদালতের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং সাংবিধানিক মূল্যবোধের কথা তুলে ধরে ওই আমন্ত্রণের বিরোধিতা করেছিলেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিসিআই হস্তক্ষেপ করে।

বিক্ষোভে সামিল হওয়ার অজুহাতে রাজ্য বার কাউন্সিলগুলোকে ন্যাসারের ২০২৬ সালের উত্তীর্ণ ব্যাচের পড়ুয়াদের আইনজীবী হিসেবে এনরোল বা নথিভুক্ত না করার নির্দেশ দিয়েছিল বিসিআই। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে বিসিআই পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়। তবে বিসিআইয়ের এই বিতর্কিত দুটি সার্কুলারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ন্যালসার বিশ্ববিদ্যালয়।

পড়ুয়াদের কেরিয়ার নিয়ে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি
এ দিন মামলার শুনানিতে বিসিআইয়ের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। নিজের কলেজ জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, “আমি যখন কলেজে ছিলাম, তখন ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। পড়ুয়ারা ভুল কিছু বললেও, যদি তারা আইনসম্মতভাবে আওয়াজ তোলে, তবে তা সমর্থন করা উচিত।”

পড়ুয়াদের কেরিয়ার নষ্ট হওয়ার আশঙ্কা দূর করতে এ দিন বড় পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, “সব পড়ুয়াদের বলুন এনরোলমেন্ট করাতে এবং সুপ্রিম কোর্ট বারে যোগ দিতে। আমরা তাদের আইনি সহায়তা কোর্সের জন্য প্যানেলভুক্ত করব।” একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে যে, এই ঘটনার জেরে দেশের কোনো ন্যাশনাল ল ইউনিভার্সিটি বা আইন কলেজের কোনো পড়ুয়া বা শিক্ষকের বিরুদ্ধে কোনো দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।

সুপ্রিম কোর্ট বিসিআইকে এই বিষয়ে একটি নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে। আগামী দিনে এই মামলার শুনানি ঘিরে আইনি মহলে উত্তেজনার পারদ চড়েই রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *