স্মার্টওয়াচ কি সত্যিই সঠিক হার্ট রেট মাপে? ঘড়ির ছোট্ট সেন্সর কীভাবে আপনার হৃদস্পন্দন ধরে, জানুন অবাক করা তথ্য

বর্তমান যুগে স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে স্মার্টওয়াচ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। প্রতিদিনের পদক্ষেপ গণনা, ক্যালোরি বার্ন, স্ট্রেস লেভেল থেকে শুরু করে ঘুমের মান—সবকিছুই এক পলকে ট্র্যাক করে এই গ্যাজেট। তবে এই সমস্ত তথ্যের মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘হার্ট রেট’ বা হৃদস্পন্দন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হাতের কব্জিতে বাঁধা একটি সাধারণ ঘড়ি কীভাবে আপনার হার্ট রেটের নিখুঁত হিসাব কষে?

স্মার্টওয়াচে হার্ট রেট মাপার প্রধান প্রযুক্তি
মডেলভেদে স্মার্টওয়াচে সাধারণত দুটি প্রধান প্রযুক্তির সাহায্যে হার্ট রেট মাপা হয়—PPG (ফোটোপ্লেথিসমোগ্রাফি) এবং ECG (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম)।

১. PPG (ফোটোপ্লেথিসমোগ্রাফি) অপটিক্যাল হার্ট রেট মনিটর
এটি স্মার্টওয়াচে ব্যবহৃত সবচেয়ে সাধারণ একটি প্রযুক্তি। আমাদের হৃদস্পন্দনের সঙ্গে সঙ্গে শরীরের ক্যাপিলারি বা রক্তনালীতে রক্তের প্রবাহে পরিবর্তন ঘটে।

সবুজ আলোর খেলা: স্মার্টওয়াচে থাকা PPG সেন্সর ত্বকের ওপর সবুজ আলো ফেলে এবং কতটা আলো প্রতিফলিত হয়ে ফিরে আসছে তা রেকর্ড করে। আমাদের রক্তের হিমোগ্লোবিন লাল রঙের হওয়ায় সবুজ আলোকে শোষণ করে।

হিসাবের পদ্ধতি: ক্যাপিলারি যখন রক্তে পূর্ণ থাকে, তখন সবুজ আলো বেশি শোষিত হয় এবং সেন্সরে কম আলো ফিরে আসে। আবার রক্ত কম থাকলে আলো বেশি প্রতিফলিত হয়। আলো শোষণ ও প্রতিফলনের এই তারতম্য বিশ্লেষণ করেই সেন্সর আপনার হার্টবিট নির্ধারণ করে।

২. ECG (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম) হার্ট রেট মনিটর
সাধারণত প্রিমিয়াম বা উচ্চমানের স্মার্টওয়াচগুলিতে ECG সেন্সর থাকে।

এটি হৃদ্‌যন্ত্রের স্পন্দন নিয়ন্ত্রণকারী বৈদ্যুতিক সিগন্যাল সরাসরি পরিমাপ করে।

এর জন্য ঘড়ির সেন্সরকে ত্বকের সঙ্গে সরাসরি সংস্পর্শে থাকতে হয়।

এটি শুধু হার্ট রেটই নয়, বরং ‘অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের’ (Atrial Fibrillation) মতো হার্টের বিপজ্জনক অনিয়মও নিখুঁতভাবে শনাক্ত করতে পারে, যা সাধারণ PPG মনিটরে সম্ভব হয় না।

ECG বনাম PPG—কোনটি বেশি ভালো?
বিশেষজ্ঞদের মতে, হার্ট রেট মনিটরিংয়ের ক্ষেত্রে ECG প্রযুক্তি সবসময় বেশি নির্ভুল ও নির্ভরযোগ্য ফলাফল দেয়। অন্যদিকে, PPG মনিটরের নির্ভুলতা অনেক সময় ব্যবহারকারীর হাতের ট্যাটু, ত্বকের গাঢ় রং বা হাত অতিরিক্ত নড়াচড়া করার কারণে কিছুটা প্রভাবিত হতে পারে। তাই আপনি যদি নিখুঁত স্বাস্থ্য ডেটা নিয়ে সচেতন হন, তবে কেনার সময় ECG মনিটরযুক্ত স্মার্টওয়াচ বেছে নেওয়াই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *