১৫ আগস্ট লালকেল্লার প্রাচীরে স্পেশাল এন্ট্রি জাতীয় গানের! কেন এত বিশেষ হতে চলেছে এবারের স্বাধীনতা দিবস?

চলতি বছর দেশের ৮০তম স্বাধীনতা দিবস (80th Independence Day) উদযাপন করতে চলেছে ভারত। আর এই বিশেষ উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় এক বিরল ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশবাসী। প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এই প্রথমবার লালকেল্লার প্রাচীর থেকে আনুষ্ঠানিকভাবে পরিবেশিত হতে চলেছে অমর দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম’।
এবারের আয়োজনের মূল আকর্ষন ও প্রেক্ষাপট
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান অনুপ্রেরণা এই কালজয়ী গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিরক্ষাকেন্দ্রের তথ্য অনুযায়ী, এবারের অনুষ্ঠানের মূল ভাবনা বা থিম হলো— ‘যুব শক্তি—বিকশিত ভারতের যাত্রায় নেতৃত্ব’ (Yuva Shakti for Viksit Bharat @ 2047)। দেশের অগ্রগতিতে তরুণ প্রজন্মের অবদানের পাশাপাশি এবার বিশেষ সম্মান জানানো হচ্ছে ‘বন্দে মাতরম’ গানটিকে।
অনুষ্ঠানে কী কী পরিবর্তন আসছে?
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের পরেই প্রথাগত নিয়মের বাইরে সবার আগে পরিবেশন করা হবে ‘বন্দে মাতরম’। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এছাড়া, লালকেল্লার জ্ঞানপথে এনসিসি (NCC) এবং ‘আমার ভারত’ (My Bharat) স্বেচ্ছাসেবকদের দ্বারা ‘বন্দে মাতরম’ শব্দ ফুটিয়ে তোলা সহ বিশেষ পুষ্পবৃষ্টি এবং ভারতীয় বায়ুসেনার Mi-17 হেলিকপ্টার থেকে সুদৃশ্য ব্যানার প্রদর্শনের মতো একাধিক আকর্ষক আয়োজন থাকছে।