আজ মেগা কর্মসূচি মুখ্যমন্ত্রীর! কোন কোন রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে বড় ফাঁদে পড়বেন? রইল ট্রাফিক অ্যালার্ট

সপ্তাহের প্রথম দিন সোমবার একগুচ্ছ মেগা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকাল থেকেই জনতা দরবার থেকে শুরু করে ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষ্যে বিশেষ পদযাত্রা এবং নবান্নে সাংবাদিক বৈঠক—সবমিলিয়ে আজ শহরজুড়ে ব্যাপক ব্যস্ততা ও ভিড়ের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতার ট্রাফিক ব্যবস্থায় একাধিক কড়াকড়ি ও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আজ রাস্তায় বেরোনোর আগে কোন কোন রাস্তা বন্ধ থাকতে পারে বা কোথায় ট্রাফিক রেস্ট্রিকশন রয়েছে, তা একনজরে দেখে নিন।
মুখ্যমন্ত্রীর আজকের কর্মসূচি
জনতা দরবার: আজ সকাল সাড়ে ১০টায় সল্টলেকে বিজেপির দফতরে জনতার দরবারে বসবেন মুখ্যমন্ত্রী।
হর ঘর তিরঙ্গা পদযাত্রা: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আজ একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। দুপুর ১টার পর ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে এই মিছিল গিয়ে শেষ হবে বিড়লা তারামণ্ডল পর্যন্ত। এই মিছিলে স্বয়ং মুখ্যমন্ত্রী যোগ দেবেন।
নবান্নে সাংবাদিক বৈঠক: দুপুর ২টোয় নবান্নে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। যাচাই প্রক্রিয়ায় কোন কোন বিষয় দেখা হয়েছে এবং কাদের আবেদন বাতিল করা হয়েছে, সেই বিষয়ে বিশদ তথ্য তুলে ধরবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়।
কোন কোন রাস্তা বন্ধ থাকতে পারে?
মিছিল ও ভিড়ের জেরে আজ কলকাতার ময়দান ও সংলগ্ন এলাকার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ রাখা হতে পারে। যার মধ্যে প্রধানত রয়েছে:
কিংসওয়ে
আর আর অ্যাভিনিউ
প্লাসি গেট রোড
মেয়ো রোড
জওহরলাল নেহেরু রোড
ক্যাথিড্রাল রোড
কুইন্সওয়ে
রেড রোড
খিদিরপুর রোড
লাভার্স লেন
ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
কোথায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ?
আজ শহরের বেশ কিছু নির্দিষ্ট সড়কে গাড়ি পার্ক করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাস্তাগুলি হলো:
কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।
পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
যাত্রী সাধারণ ও মিছিলের নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ নির্দিষ্ট কিছু রুটে পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
দ্বিতীয় হুগলি সেতু
এজেসি বোস রোড (লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত)
সেন্ট জর্জেস গেট রোড
স্ট্র্যান্ড রোড
সিআর অ্যাভিনিউ (জি.সি. অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী)
জওহরলাল নেহেরু রোড
এসপি মুখার্জি রোড (রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত)
বিশেষ ছাড়: তবে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পরিষেবা ও জরুরি সরবরাহ বজায় রাখতে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী যানগুলি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। তাই কোনো রকম ট্রাফিক জ্যাম বা ভোগান্তি এড়াতে বাড়ি থেকে বেরোনোর আগেই বিকল্প রুট বেছে নিন।