বদলে গেল বাংলার হাইপ্রোফাইল কোর্টের প্রধান! কার কাঁধে উঠছে কলকাতা হাইকোর্টের দায়িত্ব?

দেশের চার রাজ্যের হাইকোর্টে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। রবিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন কলেজিয়াম এই গুরুত্বপূর্ণ সুপারিশগুলি প্রকাশ করেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী, বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠ্বলরাও ঘুগেকে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। চলতি বছরের ২১ জুন তাঁকে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভিঠ্বলরাও ঘুগে।
আইনি মহলের মতে, বিচারব্যবস্থায় গতি আনতে এবং শূন্যপদ পূরণে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের এই সুপারিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খুব শীঘ্রই এই মর্মে চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।