অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়ির হেঁশেলেই বানান দুর্দান্ত কাতলা কালিয়া! রইল জিভে জল আনা সহজ রেসিপি

মাছপ্রেমী বাঙালির কাছে প্রিয় খাবারের তালিকা তৈরি করলে যার নাম একেবারে ওপরের দিকে থাকে, তা হল কাতলা মাছ। বাঙালির রোজকার পাতে রুইয়ের পাশাপাশি কাতলার মতো মাছ অত্যন্ত সহজেই জায়গা করে নেয়। দামে সাশ্রয়ী ও সহজেলভ্য হওয়ার কারণে সাধারণ দিনের রান্নাবান্না থেকে শুরু করে যেকোনো বড় অনুষ্ঠান বাড়ির মেনুতেও এই মাছের চাহিদা সবসময় তুঙ্গে।
সাধারণত বাড়িতে আলু দিয়ে পাতলা ঝোল কিংবা মশলায় কষিয়ে কাতলা মাছের কালিয়াই বেশি রান্না করা হয়। তবে বিয়েবাড়ি বা ভোজসভার সেই খাঁটি স্বাদ কি ঘরের রান্নায় আনতে পারছেন না? চিন্তা নেই, রইল একদম সহজ পদ্ধতিতে রেস্তোরাঁ স্টাইলে সুস্বাদু কাতলা কালিয়া বানানোর রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
কাতলা কালিয়া তৈরি করতে যে সমস্ত উপকরণ লাগবে:
কাতলা মাছ: ৫০০ গ্রাম
আলু: ২টি (ডুমো করে কাটা)
পেঁয়াজ বাটা
আদা-রসুন বাটা
টমেটো কুচি বা বাটা
কাজুবাদাম বাটা
টক দই
গরম মশলা গুঁড়ো
ঘি
ফোড়নের জন্য: তেজপাতা, ছোট এলাচ, দারচিনি ও লবঙ্গ
নুন ও হলুদ গুঁড়ো (পরিমাণমতো)
রান্নার তেল
সুস্বাদু কাতলা কালিয়ার প্রণালী
১. মাছ ও আলু ভাজা: প্রথমে কাতলা মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর নুন ও হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলি হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। ওই একই তেলে ডুমো করে কাটা আলুগুলি সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে আলাদা পাত্রে তুলে নিন।
২. মশলা কষানো: এবার কড়াইয়ের তেলে তেজপাতা ও গোটা গরম মশলা (এলাচ, দারচিনি, লবঙ্গ) ফোরন দিন। ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে পেঁয়াজ বাটা এবং আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়।
৩. গ্রেভি তৈরি: মশলা ভাজা হয়ে গেলে তাতে টমেটো বাটা, কাজুবাদাম বাটা এবং ফেটানো টক দই দিয়ে মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে আসলে প্রয়োজনমতো উষ্ণ জল ও আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে কড়াই ঢাকা দিন, যাতে আলু সেদ্ধ হয়ে যায়।
৪. শেষ পর্যায়: ঝোল কিছুটা ফুটে উঠলে এবং আলু নরম হয়ে গেলে ভেজে রাখা মাছের টুকরোগুলি ঝোলে একে একে ছেড়ে দিন। মাছ মশলার সঙ্গে মিশে গেলে নামানোর আগে পরিমাণমতো গরম মশলা গুঁড়ো ও এক চামচ খাঁটি ঘি ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন।
ব্যস, তৈরি হয়ে গেল খাস অনুষ্ঠান বাড়ির স্বাদের দুর্দান্ত কাতলা কালিয়া। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পদটি, বাড়ির সবাই চেটেপুটে খেতে বাধ্য!