স্বামীর শ্রাদ্ধ মিটতে না মিটতেই মর্মান্তিক পরিণতি! মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধার

স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা। স্বামীর শ্রাদ্ধশান্তির কাজ শেষ হওয়ার ঠিক পরের দিনই মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো ৮০ বছরের এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার নড়রা গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে। মৃতার নাম মালতি ছাতাইত (৮০)। এই আকস্মিক ট্র্যাজেডিতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবারই বৃদ্ধার স্বামী গোপাল ছাতাইতের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। সেই উপলক্ষে বাড়িতে বেশ কয়েকজন আত্মীয়ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শোকের আবহের মধ্যেই শনিবার ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ অন্যান্য দিনের মতো মাটির বাড়ির বারান্দায় শুয়েছিলেন বৃদ্ধা মালতি দেবী। সেই সময়ই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়ালের একটি অংশ। আর তার নিচে চাপা পড়ে যান বৃদ্ধা।
পরিবারের লোকজন শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেওয়ালের মাটি ও ইট সরিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সব শেষ! গুরুতর জখম অবস্থায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
আবাস যোজনা নিয়ে ক্ষোভ ও আক্ষেপ
পরিবারের সদস্যদের আক্ষেপ, সরকারি আবাস যোজনা প্রকল্পের তালিকায় তাদের নাম থাকলেও শেষ পর্যন্ত তা আর মেলেনি। বাড়িতে এক ছেলের স্কুল শিক্ষকের চাকরি হওয়ায় সেই তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। শোকগ্রস্ত বৌমারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি সাহায্য মিলে যদি আগেই পাকা বাড়ি পাওয়া যেত, তবে হয়তো এমন মর্মান্তিক দিন দেখতে হতো না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই অভাবনীয় দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃতার পরিবার ও প্রতিবেশীরা।