অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন নেইমারের, অভিনেত্রী বললেন- প্রশ্নই আসে না
ফুটবল নিয়ে মাঠে সবার আগে ছোটেন নেইমার। নারীর মন জয় করে নিতেও অন্যদের চেয়ে এগিয়ে তিনি। এরইমধ্যে একাধিক প্রেমিকা বদলেছেন। এবার গুঞ্জন উঠেছে, পর্তুগিজ অভিনেত্রী মার্গারিদা কোরচেইরোর প্রেমে মজেছেন ব্রাজিলের এ তারকা ফুটবলার। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে নেইমার অনুসরণ করতেন মার্গারিদাকে। তার বিভিন্ন ছবিতেও লাইক, লাভ রিয়্যাক্ট প্রদর্শন করতেন। মার্গারিদাও লাইক দিতেন নেইমারের পোস্টে। এসব চোখে পড়তেই নেটিজেনরা ধারণা করেন, নিশ্চয়ই চুপিচুপি জল খাচ্ছেন তারা। তবে এ গুঞ্জন চাউর হতেই সতর্ক হয়ে যান নেইমার। ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেন মার্গারিদাকে।
এদিকে নেইমার গুঞ্জন থেকে বাঁচতে ‘আনফলো’ নীতি অবলম্বন করলেও মার্গারিদা তা করেননি। তিনি মুখ খুলেছেন। নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনারা সবাই জানেন, পত্রিকায় আমাকে নিয়ে যা লেখা হয়, তার কিছুই আমি পড়ি না। প্রথম কারণ, ৯০ শতাংশ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ, সেগুলো যেহেতু মিথ্যা তাই পড়ার প্রশ্নই আসে না’।
এ সময় ইঙ্গিতে নেইমারকে বন্ধু উল্লেখ করে এ পর্তুগিজ অভিনেত্রী লেখেন, ‘একটি মেয়ের বন্ধু থাকা, সুখী থাকা ও নিজের মতো চলাকে কি আমরা স্বাভাবিক চোখে দেখব না? এটা ঠিক না। আমিই এর প্রথম কিংবা শেষ শিকার নই।’
ফুটবল ক্লাব পিএসজিতে খেলার সুবাদে প্যারিস থাকতে হয় নেইমারকে। মার্গারিদাও প্যারিস ভ্রমণ করেছেন। অনেকের ধারণা, ওই সময় হৃদয়ের লেনদেন হয়েছে তাদের।