NEET-প্রশ্ন ফাঁসে জড়িত NTA-র বিশেষজ্ঞরাও, ফাঁস ইন্টারস্টেট ষড়যন্ত্রের জাল

বহুচর্চিত NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় অত্যন্ত চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য সামনে আনল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা নতুন চার্জশিটে দাবি করা হয়েছে যে, এই প্রশ্নফাঁসকাণ্ডে খোদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা সরাসরি জড়িত ছিলেন। সিবিআই-এর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অত্যন্ত সুসংগঠিত একটি আন্তঃরাজ্য অপরাধমূলক ষড়যন্ত্র।
সিবিআই চার্জশিটে মোট ১৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের তালিকায় খোদ বিশেষজ্ঞদের পাশাপাশি রয়েছে একাধিক কোচিং অপারেটর, দালাল এবং কিছু পরীক্ষার্থীও।
তদন্তকারী সংস্থার চাঞ্চল্যকর দাবি, পরীক্ষার প্রশ্নপত্রের মতো অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর বিষয়গুলি দেখার একাধিকার যাদের ছিল, সেই বটানি, ফিজিক্স ও কেমিস্ট্রির বিষয় বিশেষজ্ঞরা তাঁদের পদের চরম অপব্যবহার করেছেন। প্রশ্নফাঁসের এই সংগঠিত নেটওয়ার্কে এই সমস্ত বিশেষজ্ঞদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই প্রশ্নফাঁস শেষ মুহূর্তের কোনো ঘটনা ছিল না। পরীক্ষা শুরুর প্রায় কয়েক মাস আগে থেকেই এর নিশ্ছিদ্র পরিকল্পনা করা হয়েছিল। পরীক্ষার্থীদের হাতে নির্দিষ্ট সময়ে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কোচিং অপারেটর ও দলালরা মিলে একটি নিখুঁত ‘সাপ্লাই চেন’ বা সরবরাহ শৃঙ্খল তৈরি করেছিল।
তদন্তে আরও জানা গেছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে এবং পিডিএফ (PDF) ফরম্যাটে তা পাঠানো হতো। ধৃত অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সেগুলির ফরেনসিক পরীক্ষা চালিয়েছে সিবিআই। সেখান থেকে একাধিক চ্যাট, ফাঁস হওয়া প্রশ্নপত্র এবং অকাট্য ডিজিটাল প্রমাণ হাতে পেয়েছেন তদন্তকারীরা, যা এই পুরো চক্রের পর্দাফাঁস করতে সাহায্য করেছে।