“দিল্লিতে মুখ খুলতেই উত্তাল বাংলাদেশ!”-শাকিবের বাড়িতে হামলা, হাসিনার ভাষণ সেন্সর করতে কোন পথে হাঁটল সংবাদ মাধ্যম?

দিল্লির মাটি থেকে দীর্ঘ প্রায় দু’বছর পর মুখ খুলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার তাঁর এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক এবং বক্তব্য পেশের পরই নতুন করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। একদিকে যখন এই ঘটনায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন আওয়ামী লিগ সমর্থকরা, অন্যদিকে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন হাসিনা বিরোধীরা। যার সরাসরি প্রভাব পড়েছে দেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের ওপর। হাসিনার ভার্চুয়াল সম্মেলনে যোগ দেওয়ার অপরাধে রাতেই শাকিবের বাড়িতে বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে প্রশ্ন উঠছে, ৫ আগস্ট হাসিনার এই কামব্যাক ও জনসমক্ষে আসাটা কীভাবে তুলে ধরেছে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলি? হাসিনার বক্তব্যে বিএনপি সরকারের তীব্র আপত্তির জেরে বৃহস্পতিবার বেশিরভাগ বাংলাদেশি সংবাদমাধ্যমেই ঢাকার ক্ষোভ এবং প্রতিবাদের সুরই প্রধান হয়ে উঠেছে।
সংবাদমাধ্যমগুলির পাতা জুড়ে কোন ছবি উঠে এল?
‘বাংলাদেশ প্রতিদিন’: এই সংবাদপত্রটি হাসিনার অনুষ্ঠানটিকে অত্যন্ত নেতিবাচকভাবে কভার করেছে এবং মূলত বাংলাদেশ সরকারের ক্ষোভকেই সামনে এনেছে। তাদের প্রথম পাতার প্রধান শিরোনাম ছিল— ‘দিল্লির অনুষ্ঠানে দণ্ডিত হাসিনাকে বক্তব্যে অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া।’
‘প্রথম আলো’: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই দৈনিকটি শেখ হাসিনার ভাষণ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে। হাসিনার ভাষণের বদলে তারা প্রথম পাতায় গুরুত্ব দিয়েছে তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের বাড়িতে হামলার খবরকে। হাসিনার ভার্চুয়াল বৈঠকে কিছু মানুষের ক্ষোভ কতটা তীব্র, শাকিবের বাড়ির ওপর হামলা দিয়েই তা ফুটিয়ে তুলতে চেয়েছে তারা।
‘দৈনিক ইত্তেফাক’: হাসিনার বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় ৫ আগস্ট বাংলাদেশে কী কী ঘটেছে, তা নিয়েই ফোকাস করেছে এই কাগজ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্যকে লিড করে তারা লিখেছে— ‘আওয়ামী লিগের ভাগ্য নির্ধারণ করবে আদালত।’ পাশাপাশি, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের তীব্র আক্রমণও প্রথম পাতায় জায়গা পেয়েছে।
‘কালের কণ্ঠ’ ও ‘যুগান্তর’: এই দুটি সংবাদমাধ্যমই শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে ঢাকা কতটা ক্ষুব্ধ, সেই দৃষ্টিভঙ্গিকেই জোরালোভাবে তুলে ধরেছে। হাসিনার নিজের বক্তব্য কী ছিল, তা এড়িয়ে গিয়ে তারা মূলত বিদেশমন্ত্রকের ক্ষুব্ধ বিবৃতি এবং তানজিম আহমেদ সোহেল তাজের কটাক্ষকেই খবরের শিরোনাম বানিয়েছে।
‘ঢাকা ট্রিবিউন’: ইংরেজি এই সংবাদমাধ্যমটিও সুচারুভাবে হাসিনার বক্তব্যের মূল বিষয়গুলি এড়িয়ে গেছে। বিএনপি সরকারের ক্ষোভ এবং এই অনুষ্ঠানে ঢাকা কতটা নাখোশ, সেই খবরকেই তারা প্রথম পাতার প্রধান সংবাদ হিসেবে দেখিয়েছে।
‘বাংলাদেশ পোস্ট’: অপর ইংরেজি সংবাদপত্র ‘বাংলাদেশ পোস্ট’ জামায়াতে ইসলামির প্রধান শফিকুর রহমানের হুঁশিয়ারিকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ ফেরার ইঙ্গিত দেওয়ার পরেই শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আরও একটি বিপ্লব আসন্ন’—যা দিয়ে ফের বড় ধরনের অশান্তির ইঙ্গিত দেওয়া হয়েছে।