ভক্ত-অনুরাগীরা ঘিরে ধরতেই অস্বস্তিতে মধুমিতা, দেখুন সেই ভাইরাল ভিডিও

টলিপাড়ার পাশাপাশি ওপার বাংলা বা বাংলাদেশেও জনপ্রিয়তার নিরিখে কম যান না অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar)। সম্প্রতি নতুন ছবি ‘গুলশনের চামেলি’-র আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে বাংলাদেশ সফরে গিয়েছিলেন তিনি। আর ওপার বাংলায় পা রাখামাত্রই তাঁর গ্ল্যামারাস লুক এবং সৌন্দর্যে কুপোকাৎ হয়ে পড়েন স্থানীয় ভক্তরা। কিন্তু অভিনেত্রীকে সামনে পেয়ে অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস একসময় এমন পর্যায়ে পৌঁছায়, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন খোদ নায়িকা!
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলা ছবি ‘গুলশনের চামেলি’-র ঘোষণাপর্বে হাজির ছিলেন মধুমিতা। এছাড়া একই মঞ্চে উপস্থিত ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনও। টুকটুকে লাল রঙের শাড়িতে এদিন মধুমিতাকে দেখতে লাগছিল অপরূপা। কেক কাটা থেকে শুরু করে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর অত্যন্ত শান্ত ও সাবলীলভাবেই দেন তিনি।
কিন্তু বিপত্তি ঘটে অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রিয় নায়িকাকে হাতের নাগালে পেয়ে তাঁকে একপ্রকার ঘিরে ধরেছেন ভক্ত ও অনুরাগীরা। ছবি ও সেলফি তোলার জন্য উপচে পড়া ভিড় এমন জায়গায় পৌঁছায় যে অস্বস্তিতে পড়ে যান মধুমিতা। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তাঁর স্বামী দেবমাল্য। ভিড়ের ধাক্কা ও বিশৃঙ্খলা এড়িয়ে কোনোমতে স্ত্রীকে আগলে ধরে নিরাপদ দূরত্বে নিয়ে বের করার চেষ্টা করেন তিনি। মুহূর্তের মধ্যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
চলচ্চিত্রে মধুমিতার নতুন ইনিংস
প্রসঙ্গত, এর আগেও তারকাদের উন্মত্ত ভক্তদের মুখোমুখি হওয়ার বহু ঘটনা সামনে এসেছে। তবে ওপার বাংলায় গিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হলো মধুমিতাকে। জানা গেছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশ এবং কলকাতা— উভয় জায়গাতেই ‘গুলশনের চামেলি’ ছবির শুটিং শুরু হবে। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ফের কেরিয়ারে পুরোদমে মন দিয়েছেন অভিনেত্রী। বাংলাদেশের এই ছবির পাশাপাশি খুব শীঘ্রই দক্ষিণী সিনেমাতেও ডেবিউ করতে চলেছেন মধুমিতা, যা তাঁর অনুরাগীদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে।