আজ থেকেই ভারতে শুরু ডিজিটাল জনগণনা! বাড়ি বসে নিজেই কীভাবে সারবেন ফর্ম ফিলআপ?

আজ, পয়লা অগাস্ট শনিবার থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত জনগণনার সেলফ এনুমারেশন (Self Enumeration) বা স্ব-গণনা পদ্ধতি। এই প্রথমবার ভারতের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হতে চলেছে। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যের বাসিন্দারা নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নিজেদের পরিবারের সমস্ত তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। এর ফলে পুরো জনগণনার প্রক্রিয়াটি আরও অনেক বেশি সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।

কীভাবে সম্পন্ন করবেন সেলফ এনুমারেশন?

পরিবারের প্রধান অথবা তাঁর দ্বারা অনুমোদিত অন্য কোনো সদস্য খুব সহজেই এই পোর্টালে লগ-ইন করে বাড়ি ও পরিবারের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে পারবেন। ধাপে ধাপে পুরো পদ্ধতিটি নিচে দেওয়া হলো:

  1. প্রথমে অফিসিয়াল পোর্টাল https://se.census.gov.in খুলতে হবে।

  2. এরপর নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল (UT) সিলেক্ট করতে হবে।

  3. স্ক্রিনে দেওয়া ক্যাপচা (Captcha) কোডটি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে।

  4. পরিবার পিছু যে কোনো একজন দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন।

  5. যিনি ফর্ম পূরণ করবেন, তাঁকে পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর দিতে হবে। চাইলে ইমেল আইডি দেওয়া যেতে পারে (এটি ঐচ্ছিক)।

  6. প্রতিটি পরিবারের জন্য কেবল একটিই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। একবার কোনো নম্বর নথিভুক্ত হয়ে গেলে তা অন্য কোনো পরিবারের জন্য ব্যবহার করা যাবে না।

  7. নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।

  8. এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি দিয়ে ভেরিফাই করতে হবে।

  9. ফর্ম পূরণকারীর জেলা নির্বাচন করে পিন কোড ও সঠিক এলাকার নাম লিখতে হবে।

  10. স্ক্রিনে থাকা ডিজিটাল মানচিত্রে লাল মার্কার ড্র্যাগ করে বা সরাসরি ক্লিক করে নিজের বাড়ির সঠিক অবস্থান নিশ্চিত করতে হবে।

  11. স্ক্রিনে দেওয়া টুলটিপ, FAQ এবং নির্দেশিকা দেখে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

  12. সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে একটি প্রিভিউ স্ক্রিন আসবে। সেখানে দেওয়া তথ্যগুলি ভালো করে যাচাই করে নিন। তথ্য সঠিক থাকলে ‘Confirm and Submit’ অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিশন করতে হবে। মনে রাখবেন, একবার ফাইনাল সাবমিশন হয়ে গেলে আর কোনো তথ্য সংশোধন করা যাবে না।

মনে রাখার মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়

  • একটি পরিবারের জন্য মাত্র একটিই মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করা যাবে।

  • একবার কোনো নম্বর সেলফ এনুমারেশনের জন্য রেজিস্টার্ড হলে, তা অন্য পরিবারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

  • একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পরিবারের প্রধানের নাম আর পরিবর্তন করা যাবে না।

  • সমস্ত তথ্য বাধ্যতামূলকভাবে পরিবারের প্রধানের পক্ষ থেকেই জমা দিতে হবে।

এর পরের ধাপ কী?

রেজিস্ট্রেশনের পর গৃহ তালিকা প্রস্তুতিকরণের প্রশ্নপত্র (Questionnaire) খুলবে। এর অধিকাংশ প্রশ্নই হবে বিকল্পভিত্তিক বা মাল্টিপল চয়েস (Multiple Choice)। নাম লেখার জন্য ফোনেটিক (Phonetic) ও ভার্চুয়াল কিবোর্ডের সুবিধা থাকবে। কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে FAQ বা টুলটিপের সাহায্য নেওয়া যাবে। তথ্য অসম্পূর্ণ থাকলে সিস্টেম নিজেই সতর্কবার্তা দেবে। তথ্য পূরণ করার পর তা রিভিউ করে ড্রাফট হিসেবে সংরক্ষণ করা বা সরাসরি সাবমিট করা সম্ভব।

সাবমিট করার পর কী করবেন?

তথ্য সফলভাবে জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্ক্রিনে ‘H’ অক্ষর দিয়ে শুরু হওয়া ১১ অঙ্কের একটি Self Enumeration ID (SEID) তৈরি হবে। একই সঙ্গে এই আইডি SMS-এর মাধ্যমেও মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে।

সর্বশেষ ধাপে আগামী ১৬ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সরকারি গণনাকারীরা বা এনুমারেটরেরা। তাঁরা প্রথমে বাড়িগুলিতে নম্বর দেবেন এবং সেই অনুযায়ী তথ্য যাচাই করবেন। গণনাকারীরা বাড়িতে আসলে তাঁদের কাছে এই SE ID দিতে হবে। সরকারি রেকর্ডের সঙ্গে আইডি মিলে গেলে তাঁরা সেই তথ্য গ্রহণ করে নেবেন। কোনো কারণে আইডি না মিললে, গণনাকারী নিজে নতুন করে তথ্য সংগ্রহ করে অ্যাপে তুলে নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *