“আমরা কি আর্জেন্টিনাকে কমলা জার্সিতে দেখব?” হকি দলের ঐতিহ্যবদল নিয়ে ফুঁসে উঠলেন প্রাক্তন অধিনায়ক!

আসন্ন হকি বিশ্বকাপ ২০২৬-এর আগে ভারতীয় হকি দলের নতুন জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়া ও ক্রীড়ামহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দলটির ঐতিহ্যবাহী নীল রঙের পরিবর্তে এবার মাঠে গেরুয়া বা কমলা রঙের জার্সি পরে নামবে ভারতীয় দল। হকি ইন্ডিয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান বীরেন রাসকিনহা। তাঁর প্রশ্ন, বছরের পর বছর ধরে ভারতীয় হকির পরিচিতির সঙ্গে জড়িয়ে থাকা সেই নীল রঙ হঠাৎ বর্জন করার নেপথ্যে যুক্তিটাই বা কী?
‘এটা অত্যন্ত লজ্জাজনক’—প্রশ্ন তুললেন বীরেন রাসকিনহা
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে বীরেন রাসকিনহা লিখেছেন, “হকি ইন্ডিয়া নিঃসন্দেহে বহু ভালো কাজ করেছে, কিন্তু এই জার্সি বদলের পদক্ষেপটি অত্যন্ত লজ্জাজনক। নীল রঙ বরাবরই ভারতীয় দলের পরিচয় ও ঐতিহ্যের অংশ। আমি বহু বছর ধরে গর্বের সাথে নীল জার্সি পরেছি। ভক্তরাও আমাদের দলকে নীল জার্সিতেই দেখতে চায়।”
পোস্টটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধলে রাসকিনহা স্পষ্ট করে দেন যে তাঁর এই আপত্তির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই; এটি সম্পূর্ণভাবে দলের গৌরব, পরিচয় এবং ঐতিহ্য রক্ষার লড়াই। তিনি যুক্তি দিয়ে বলেন, ফুটবলের ক্ষেত্রে আর্জেন্টিনা যেমন তাদের ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সির জন্য পরিচিত, হকির দুনিয়ায় ভারত ঠিক তেমনই। আর্জেন্টিনা কি কখনো তাদের প্রথম জার্সি বদলে কমলা রঙের করতে পারে?
পাল্টা সাফাই দিল হকি ইন্ডিয়া
এই তুমুল বিতর্কের মুখে পড়ে মুখ খুলেছেন হকি ইন্ডিয়ার সভাপতি তথা প্রাক্তন তারকা দিলীপ তিরকি। তিনি স্বীকার করেছেন যে টিম ইন্ডিয়ার নীল জার্সি পরার দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এই পরিবর্তনকে আকস্মিক হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর দাবি, অতীতেও ২০১৪ সালে দল হলুদ এবং ২০১৮ সালে হালকা নীল জার্সি পরে খেলেছে।
দিলীপ তিরকি আরও জানান, জার্সির রঙ পরিবর্তনের এই প্রস্তাবটি সম্পূর্ণভাবে কোচ, সাপোর্ট স্টাফ, অধিনায়ক এবং খোদ খেলোয়াড়দের পক্ষ থেকেই এসেছিল। মাঠের নীল রঙের টার্ফের সঙ্গে খেলোয়াড়দের নীল কিট মিশে যাওয়ায় ম্যাচের সময় ভিজিবিলিটি বা দৃশ্যমানতা নিয়ে সমস্যা হচ্ছিল। এই সমস্যার সমাধানে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা হলুদ এবং কমলা—এই দুটি বিকল্প প্রস্তাব করেছিলেন। শেষ পর্যন্ত জাতীয় পতাকার তিন রঙের একটি হওয়ায় কমলা রঙকেই বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।