কাটমানি খেয়ে শ্রমিকদের অন্ন কেড়েছেন দোলা-পূর্ণেন্দুরা! বিএমএস সভা থেকে ‘মাওবাদী’ বলে চরম আক্রমণ বিজেপি বিধায়কের

শ্রম আইন কার্যকর করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও সমকাজের সমবেতনের দাবিতে দুর্গাপুরে তীব্র বিক্ষোভ দেখাল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। বৃহস্পতিবার দুর্গাপুরের এবিএলের একটি বেসরকারি কারখানার গেটের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তথা শ্রমিকনেতাদের বিরুদ্ধে আক্রমণ শানান দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

এদিন সভা থেকে নাম না করে এবং সরাসরি আক্রমণ করে তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু ও সাংসদ দোলা সেনকে ‘মাওবাদী’ বলে তোপ দাগেন বিধায়ক। চন্দ্রবাবু বলেন, “দোলা সেন, পূর্ণেন্দু বসুরা মাওবাদী। এরা কখনও সিপিআইএম, আবার কখনও তৃণমূলের চটি পায়ে গলিয়েছে। এই মাওবাদীরা শ্রমিকদের এবং মালিকদের কাছ থেকে অন্ন ছিনিয়ে খেয়েছেন।” পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন কারখানা থেকে দীর্ঘদিন ধরে কাটমানি তোলার সংস্কৃতি চলেছে বলেও অভিযোগ করেন তিনি। বিধায়কের হুংকার, এবার থেকে কারখানার গেটের বাইরে কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের কার্যালয় থাকবে না; শ্রমিকদের সরাসরি সমস্ত সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রম কোড অবিলম্বে কার্যকর করতে হবে।

এদিকে, এই সমস্ত আক্রমণ ও অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তৃণমূল সাংসদ দোলা সেন সম্পূর্ণ উদাসীনতা দেখিয়ে বলেন, “কে এই চন্দ্রশেখর? যার তার কথার উত্তর দেব না। এই বিষয়ে আমার কিছুই বলার নেই, নো কমেন্টস।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *