খড়্গপুর আইআইটি চত্বরে ফের চরম আতঙ্ক! স্টাফ কোয়ার্টার থেকে তরুণ অধ্যাপকের মৃতদেহ উদ্ধার

মাত্র তিন মাসের ব্যবধান। ফের এক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল খড়্গপুর আইআইটি (IIT Kharagpur) চত্বরে। তবে এবার কোনো ছাত্র নন, আইআইটির স্টাফ কোয়ার্টার থেকে এক তরুণ অধ্যাপকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ ক্যাম্পাসের কর্মী-আবাসন থেকে ওই মরদেহ উদ্ধার করে দ্রুত খড়্গপুর আইআইটির বিসি রায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মর্মান্তিক পরিণতি ও পরিচয়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিক্ষাবিদের নাম দীপক রেড্ডি (২৫)। তিনি আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর পৈতৃক নিবাস হায়দরাবাদে। বুধবার আইআইটি ক্যাম্পাসের ২বিআর-১৪ নম্বর রুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ওই কোয়ার্টারে তিনি একাই থাকতেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে অনুমান করা হলেও, তরুণ অধ্যাপক কোনো রকম মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ।

আইআইটি ক্যাম্পাসে বারবার প্রশ্নচিহ্ন

বারবার কেন এই মর্মান্তিক পরিণতি? আইআইটি চত্বরে পরপর এই ধরনের ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত গত ২৮ এপ্রিল খড়্গপুর আইআইটিতে ২২ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সোহম হালদারের (বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তারও ঠিক কিছুদিন আগে, গত ১৮ এপ্রিল বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এক একুশ বছরের ছাত্র। একের পর এক মেধাবী ছাত্র ও অধ্যাপকের এই ধরনের অস্বাভাবিক মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *