“সম্মানহানির অধিকার কারও নেই!”- প্রধানমন্ত্রীর বিকৃত পোস্টার বিতর্কে বিস্ফোরক মমতা শঙ্কর

নিট (NEET) কেলেঙ্কারি ও প্রশ্নফাঁস ইস্যুতে গত ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ছাত্র সংগঠন ও সিজেপি-র মিছিলে যোগ দিয়ে আইনি বিপাকে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ওই মিছিলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত ও অশালীন পোস্টার হাতে নিয়ে ছবি তোলার অভিযোগে তোলপাড় টলিউড থেকে রাজনৈতিক মহল। ইতিমধ্যে আনন্দপুর থানাসহ একাধিক সাইবার ক্রাইম থানায় শ্রীলেখার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে গেরুয়া শিবির।

এবার শ্রীলেখার এই পদক্ষেপ ও রাজনৈতিক শালীনতা নিয়ে সরব হলেন পদ্মশ্রীপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর।

“প্রধানমন্ত্রীকে ছোট করার অধিকার কারও নেই”

মঙ্গলবার লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীলেখা বিতর্ক প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান মমতা শঙ্কর। শ্রীলেখার পোস্টার কাণ্ডের তীব্র নিন্দা করে তিনি স্পষ্ট জানান, মতাদর্শগত বিরোধিতা থাকলেও দেশের শীর্ষপদের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা উচিত।

মমতা শঙ্করের বক্তব্য: > “আমার মনে হয় মানুষ হিসেবে প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। একজন প্রধানমন্ত্রী, যিনি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, তাঁর সম্মানহানি করার কোনো অধিকার আমাদের কারও নেই। আসলে সুযোগ পেলেই আমরা অনেক কথা বলে ফেলি। কিন্তু ওই আসনটায় যদি আমাদের বসানো হতো, তবে বোঝা যেত দায়িত্বের বোঝা কতখানি! একটা সাধারণ বাড়ি সামলাতেই আমরা যেখানে হিমশিম খাই, সেখানে সারা দেশ যিনি চালাচ্ছেন তাঁকে কতদিক সামলাতে হচ্ছে!”

“সহিষ্ণুতা হারিয়ে ফেললে চলবে না”

সাম্প্রতিক সামাজিক অসন্তোষ ও ছাত্র আন্দোলন প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী ধৈর্য রাখার পরামর্শ দেন। তিনি যোগ করেন, “আমরা সবকিছুকে খুব সহজ মনে করি— ‘এটা কেন হচ্ছে না?’, ‘ওটা কেন হচ্ছে না?’। কিন্তু বুঝতে হবে একদিকে বন্যা, অন্যদিকে যুদ্ধ, ছাত্র আন্দোলন… সব পরিস্থিতিতে একটু তো ধৈর্য ধরতেই হবে। মানুষ যেন মানুষের ওপর থেকে শ্রদ্ধা ও সহিষ্ণুতা হারিয়ে না ফেলে।”

শ্রীলেখার সাফাই ও গ্রেফতারির চ্যালেন্জ

অন্যদিকে, বিতর্কের মুখে পড়ে শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে দাবি করেছেন, ভিড়ের মাঝে ছাত্ররা তাঁর হাতে পোস্টারটি তুলে দিয়েছিল। চশমা না থাকায় এবং রোদচশমা পরে থাকায় পোস্টারে কী আঁকা ছিল তা তিনি ঘুরে দেখার সুযোগ পাননি।

তবে বিজেপির দায়ের করা পুলিশি অভিযোগ বা এফআইআর-কে বিন্দুমাত্র পরোয়া না করে শ্রীলেখা স্পষ্ট জানিয়েছেন, তিনি ভয় পাচ্ছেন না এবং পারলে পুলিশ তাঁকে গ্রেফতার করে দেখাক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *