“যুদ্ধের লক্ষ্যটাই স্পষ্ট নয়!” ট্রাম্পের ইরান নীতিতে রেকর্ড পতন মার্কিন জনসমর্থনে

রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক সংঘাতে দেশটির নাগরিকদের সমর্থন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। নতুন এই সমীক্ষা অনুযায়ী, বর্তমানে মাত্র প্রতি তিনজন মার্কিন নাগরিকের মধ্যে একজন এই যুদ্ধের পক্ষে মত দিয়েছেন।

সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের তথ্য অনুযায়ী, এই সামরিক অভিযানের পক্ষে সায় দিয়েছেন মাত্র ৩৩ শতাংশ আমেরিকান। গত পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জনসমর্থনের এটিই সর্বনিম্ন স্তর। সমীক্ষায় আরও উঠে এসেছে যে, এই সংঘাতের মূল উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ধোঁয়াশা ও অনিশ্চয়তা রয়েছে। প্রায় ৬৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের প্রকৃত লক্ষ্যগুলো স্পষ্টভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। সমীক্ষা অনুযায়ী, এই অসন্তুষ্টদের মধ্যে প্রায় ৪০ শতাংশ ভোটারই রিপাবলিকান সমর্থক।

দীর্ঘায়িত এই যুদ্ধ, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং মার্কিন সামরিক বাহিনীর হতাহতের ঘটনার জেরে বর্তমানে মারাত্মক রাজনৈতিক চাপের মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, পাশাপাশি এই সংঘাতে পুরো অঞ্চলজুড়ে হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জনমনে বাড়ছে সংশয়

চলমান সামরিক অভিযান চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে বহু আমেরিকান এখনও সন্দিহান। উত্তরদাতারা যুদ্ধের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মুখে কেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে রয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউস তাদের এই সামরিক অভিযানকে জোরালোভাবে সমর্থন করে জানিয়েছে যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করতে এই সামরিক পদক্ষেপ অত্যন্ত জরুরি। এদিকে, যুদ্ধের প্রতি জনসমর্থন কমলেও সমীক্ষায় ট্রাম্পের সামগ্রিক অনুমোদনের হার সামান্য ৩ পয়েন্ট বেড়ে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সংঘাত পরিচালনার বিষয়ে প্রশাসনের ওপর এই সমালোচনা বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াতে পারে।

সমীক্ষার বিবরণ

রয়টার্স/ইপসোসের এই সমীক্ষায় দেশজুড়ে মোট ১,২৪৬ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়। সমীক্ষাটির ত্রুটির সম্ভাব্য মার্জিন প্রায় তিন শতাংশ। সমীক্ষার ফলাফলগুলো হোয়াইট হাউসের প্রচার কৌশল এবং জনমতের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের বিষয়টিকেই স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। যেখানে সংখ্যাগরিষ্ঠ আমেরিকানরাই বলছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কী অর্জন করতে চাইছে, তা নিয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *