ওড়ার পরই কার্গো হোল্ডে ধোঁয়া! আতঙ্কে বুক ফেটে কান্নাকাটি যাত্রীদের, অল্পের জন্য রক্ষা পেল বিমান

মাঝআকাশে হঠাৎ করেই বিমানের ভিতর ছড়িয়ে পড়ে ধোঁয়া! মুহূর্তে নেমে আসে চরম আতঙ্ক। বিমানের ভিতর শুরু হয় কান্নাকাটি ও হুলুস্থুল কাণ্ড। ভয়ে জড়সড় হয়ে পড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল ১৯৪ জন যাত্রীকে বহনকারী ইন্ডিগোর একটি বিমান। গুজরাটের রাজকোট বিমানবন্দরে তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে দুবাইগামী ইন্ডিগোর ৬ই ১৪৫২ উড়ানটি মাঝআকাশে থাকাকালীন উড়ানকর্মীরা বিমানে ধোঁয়া দেখতে পান। চালকেরা বিমানের পণ্য রাখার জায়গা বা কার্গো হোল্ডে (Cargo Hold) ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজকোট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজকোট বিমানবন্দরে তৎক্ষণাৎ সম্পূর্ণ জরুরি অবস্থা জারি করা হয়। বিমানটি নিরাপদে মাটিতে নামার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।

রাজকোট বিমানবন্দরের অধিকর্তা দিগন্ত বরা জানান, “কার্গো হোল্ডে ধোঁয়া দেখা দেওয়ায় বিমানটির জরুরি অবতরণ করানো হয়। বিমানটি সম্পূর্ণ নিরাপদে নেমেছে এবং বিমানের ১৯৪ জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন।” প্রাথমিক আতঙ্কের পর যাত্রীরা নিরাপদে নেমে আসায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *