রিলস বানালেই আইনি বিপত্তি? আদালতের শুনানির অডিও-ভিডিও প্রকাশে বড়সড় কড়াকড়ি শীর্ষ আদালতের!

আদালতের বিচারিক শুনানির অডিও বা ভিডিও রেকর্ডিং প্রকাশ্যে আনা এবং তার ব্যবহার নিয়ে এক অত্যন্ত কড়া ও যুগান্তকারী অন্তর্বর্তী নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, এখন থেকে সুপ্রিম কোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া আদালতের কোনো শুনানির অডিও কিংবা ভিডিও ক্লিপ সমাজমাধ্যম বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ, আপলোড বা ব্যবহার করা যাবে না।
ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ জানিয়েছে, আদালতের সমস্ত কার্যক্রমের রেকর্ডিং প্রকাশ করা, তা কেটেছেঁটে এডিট করা, পুনরায় পোস্ট (রি-পোস্ট) করা, আপলোড করা কিংবা কোনো ধরনের বাণিজ্যিক বা আর্থিক লাভের উদ্দেশ্যে (monetization) তা ব্যবহার করা—সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যদি না এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকেই লিখিত অনুমতি নেওয়া হয়।
হাইকোর্টগুলিকেও বড় নির্দেশ
আদালতের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ‘সেক্রেটারি জেনারেল’ এবং যেকোনো হাইকোর্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট ‘রেজিস্টার জেনারেল’-এর পূর্বানুমতি বাধ্যতামূলক। একটি জনস্বার্থ মামলার দীর্ঘ শুনানির পরই এই কঠোর অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত।
আদালতের এই কঠোর বার্তার নেপথ্যে রয়েছে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা সর্বদাও বজায় রাখা হবে, তবে তার আড়ালে আদালতের কার্যক্রমের রেকর্ডিংয়ের যত্রতত্র অপব্যবহার এবং খণ্ডিত ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না—এ কথাই পরিষ্কার করে দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে, বিচারিক শুনানির লাইভ স্ট্রিমিং সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা দেশজুড়ে কতটা কার্যকরভাবে মেনে চলা হচ্ছে, সে বিষয়ে বিশদ রিপোর্ট জমা দেওয়ার জন্য দেশের সমস্ত হাইকোর্টকেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।