আমূলের ডেয়ারি কারখানার শিলান্যাস, তিনদিনের বঙ্গ সফরে কী কী করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

১৭ জুলাই শুক্রবার রাতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গ এবং কলকাতা—উভয় অঞ্চলেই তাঁর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং রাজ্যের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করাই এই সফরের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
সফরের বিস্তারিত সূচি:
-
শুক্রবার (১৭ জুলাই): রাত ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন অমিত শাহ। এরপর তিনি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে রাত্রিযাপন করবেন।
-
শনিবার (১৮ জুলাই): সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ শিলিগুড়ির জুমাগাছ বিএসএফ সীমান্ত চৌকিতে পৌঁছাবেন তিনি। সেখানে প্রহরী সম্মেলনে যোগ দেওয়া, বৃক্ষরোপণ এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া এদিন বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
-
দুপুর ২টো থেকে শিলিগুড়ির উত্তরকন্যা সভাগৃহে প্রশাসনিক বৈঠক।
-
বিকেল ৪টা ৪০ মিনিটে নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়া নিয়ে পর্যালোচনা বৈঠক।
-
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। শনিবার রাতেই তিনি কলকাতায় পৌঁছবেন এবং আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে থাকবেন।
-
-
রবিবার (১৯ জুলাই): সকাল ১১টায় আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। দুপুর ২টোয় ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর উদ্বোধন করবেন তিনি। বিকেল ৪টেয় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল ডেইরির নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তাঁর সফরের সরকারি কর্মসূচি শেষ হবে।
কেন গুরুত্বপূর্ণ এই সফর? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফর শুধুমাত্র সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং রাজ্যে নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়গুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া কলকাতায় শিল্পোদ্যোগ ও উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস নিয়েও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।