‘বাঘের মুখোশ পরা বেড়াল’! ২১ জুলাইয়ের সভায় ব্রিগেড নিয়ে ঋতব্রত-সুদীপদের তুলোধনা কুণালের

২১ জুলাইয়ের শহিদ দিবস পালন নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে ও বাইরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবারের একুশে জুলাইয়ের সভা কোথায় হবে, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। এর মধ্যেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, বর্ষার মরশুমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করা কার্যত অসম্ভব। শুধু তাই নয়, এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবিরকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

কী বললেন কুণাল ঘোষ? এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি ও স্থান নির্বাচন নিয়ে কুণাল ঘোষ সাফ জানিয়েছেন, “২১শে জুলাই প্রতি বছরই হয়। আইন, রীতি এবং নীতি মেনেই সমস্ত আবেদন করা হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।”

বিজেপি ও বিরোধী শক্তিকে সরাসরি নিশানা করে কুণাল ঘোষ বলেন, “যাঁরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তাঁরা বিজেপির বি-টিম হিসেবে কাজ করছেন। বাঘের চামড়া পরালেই বেড়াল বাঘ হয়ে যায় না। বেড়ালের মুখ থেকে ‘হালুম’ নয়, ‘ম্যাঁও’ বেরোবেই।”

ব্রিগেড নিয়ে চ্যালেঞ্জ: ঋতব্রতদের ব্রিগেড সভার প্রস্তাব নিয়ে কটাক্ষের সুরে কুণাল বলেন, “এই ভরা বর্ষায় ব্রিগেডে কীভাবে সভা করা সম্ভব? আমরা চ্যালেঞ্জ করছি, বি-টিম ওই মাঠেই করুক। ২০১১ সালেই আমরা দেখেছি ওই মাঠে জল দাঁড়িয়ে কী অবস্থা হয়।”

একইসঙ্গে কংগ্রেসের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন কুণাল ঘোষ। তিনি দাবি করেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের গুরুত্ব প্রতিষ্ঠা করেছেন। প্রদেশ কংগ্রেস দীর্ঘ দিন কোনো বড় কর্মসূচি পালন করতে পারেনি। সবশেষে কুণাল ঘোষের দাবি, বিজেপি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ভয় পায়, তাই নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *