৩১ জুলাইয়ের আগে আইটিআর ফাইল করেছেন? এই ভুলগুলো করলে জরিমানা হতে পারে করের ২০০% পর্যন্ত!

বেতনভোগী কর্মচারী থেকে শুরু করে পেশাদার—সবার জন্যই এখন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়কর রিটার্ন (ITR) দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই। অনেকেই মনে করেন রিটার্ন ফাইল করাটাই শেষ কথা, কিন্তু কর বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো এবং নির্ভুলভাবে ITR জমা না দিলে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে।
ভুল তথ্যে বড় বিপদ:
আয়কর আইনের ধারা ২৭০এ অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে আয় কম দেখালে ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, যদি জেনেশুনে ভুল তথ্য প্রদান করেন, ভুল করছাড় দাবি করেন বা কোনো আয়ের উৎস গোপন করেন, তবে কর বিভাগ আপনার ওপর জরিমানার পরিমাণ ২০০ শতাংশ পর্যন্ত ধার্য করতে পারে।
দেরি করলে কী হবে?
নির্ধারিত সময়ের পর ITR ফাইল করলে ধারা ২৩৪এফ অনুযায়ী জরিমানা দিতে হবে:
৫ লক্ষ টাকার বেশি আয়: ৫,০০০ টাকা পর্যন্ত লেট ফাইন।
৫ লক্ষ টাকার কম আয়: ১,০০০ টাকা পর্যন্ত লেট ফাইন।
অন্যান্য ভুল যা এড়িয়ে চলতে হবে:
শুধু আয়কর রিটার্ন নয়, আরও কিছু ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন:
টিডিএস/টিসিএস রিটার্ন: দেরিতে ফাইল করলে প্রতিদিন ২০০ টাকা হারে জরিমানা হতে পারে।
অডিট সংক্রান্ত গাফিলতি: যাদের অডিট বাধ্যতামূলক, অথচ তারা তা করেননি, তাদের টার্নওভারের ০.৫ শতাংশ (সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত) জরিমানা করা হতে পারে।
হিসাব রক্ষণাবেক্ষণে ব্যর্থতা: পেশাদার বা ব্যবসায়ীরা সঠিক হিসাব রাখতে ব্যর্থ হলে ২৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।
সতর্কতা অবলম্বন করুন:
কর বিভাগের নোটিশ বা অযথা আইনি ঝক্কি এড়াতে আয়কর রিটার্ন দাখিলের সময় নিচের বিষয়গুলো নিশ্চিত করুন:
১. সমস্ত আয়ের উৎসের সঠিক তথ্য দিন।
২. সঠিক নথি এবং রেকর্ড গুছিয়ে রাখুন।
৩. নির্ধারিত সময়ের আগেই কর পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করুন।