“শ্রাবনী মেলায় চলবে ৪০টি ‘মহাদেব এক্সপ্রেস’”-তারকেশ্বর থেকে ৫ নতুন রুটে সরকারি বাস চালু

তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো সোমবার। এদিন আনুষ্ঠানিকভাবে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে পাঁচটি নতুন সরকারি বাস পরিষেবার সূচনা করলেন স্থানীয় বিধায়ক সন্তু পান এবং পরিবহণ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই পরিষেবার ফলে যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে, তেমনই উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ ও অসংখ্য পুণ্যার্থী।

মহিলাদের জন্য বড় স্বস্তি: দীর্ঘদিন ধরে তারকেশ্বর থেকে সরকারি বাস না থাকায় রাজ্য সরকারের ‘বিনামূল্যে মহিলা বাস পরিষেবা’-র সুবিধা থেকে বঞ্চিত ছিলেন স্থানীয়রা। বিধায়ক সন্তু পানের বিশেষ আবেদনে সাড়া দিয়ে পরিবহণ দপ্তর এই উদ্যোগ নিয়েছে। এর ফলে এখন থেকে মহিলারা তারকেশ্বর থেকে বাঁকুড়া, দীঘা ও কলকাতা-সহ পাঁচটি রুটে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন।

যে পাঁচটি রুটে চলবে বাস: প্রতিদিন পাঁচটি গন্তব্যের উদ্দেশ্যে পাঁচটি বাস চলাচল করবে:

  • তারকেশ্বর-বাঁকুড়া: কামারপুকুর, জয়রামবাটি, কোতুলপুর, জয়পুর ও বিষ্ণুপুর হয়ে।

  • তারকেশ্বর-দীঘা: আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, ঘাটাল, মেছেদা ও তমলুক হয়ে।

  • তারকেশ্বর-খড়্গপুর: আরামবাগ, ক্ষীরপাই, চন্দ্রকোণা ও মেদিনীপুর হয়ে।

  • তারকেশ্বর-বর্ধমান ও তারকেশ্বর-কলকাতা: এই রুটেও চলবে নিয়মিত পরিষেবা।

বাসের নির্দিষ্ট সময়সূচি দ্রুতই ঘোষণা করবে পরিবহণ দপ্তর।

শ্রাবণী মেলায় বিশেষ উপহার: শ্রাবণ মাসকে কেন্দ্র করে ভক্তদের ভিড় সামলাতে পরিবহণ দপ্তরের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রাবণ মাসজুড়ে সপ্তাহে তিন দিন তারকেশ্বর ও কলকাতার মধ্যে অতিরিক্ত ৪০টি ‘মহাদেব এক্সপ্রেস’ বাস চালানো হবে। এই উদ্যোগে খুশি তারকেশ্বর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *