তৃণমূল নেতার স্ত্রীর বার্ষিক আয় ৬০ হাজার? দুর্গাপুরে সরকারি প্রকল্পের ফর্ম ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

রাজ্যের সরকারি প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এমনিতেই নানা জায়গায় বিতর্ক চলছে। তার মধ্যেই দুর্গাপুরে এই প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও প্রভাবশালী নেতা ধর্মেন্দ্র যাদবের স্ত্রী স্বপ্না যাদব প্রকল্পের সুবিধা পেতে নিজের বার্ষিক পারিবারিক আয় মাত্র ৬০ হাজার টাকা দেখিয়ে ফর্ম ফিলাপ করেছেন।

কী নিয়ে বিতর্ক?
শিল্পশহর দুর্গাপুরের একদা দাপুটে তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব। তিনি দুবার দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর ছিলেন, দায়িত্ব পালন করেছেন মেয়র পারিষদ ও প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপার্সন হিসেবেও। দলের মিছিল বা সভা—সবক্ষেত্রেই সামনের সারিতে দেখা যেত তাঁকে। অথচ তাঁর পরিবারেরই বার্ষিক আয় মাত্র ৬০ হাজার টাকা—এই তথ্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের প্রশ্ন, প্রভাবশালী নেতার পরিবারের আয় এত কম হয় কীভাবে?

অভিযোগ ও পাল্টা দাবি:
এই ঘটনাকে ঘিরে সরব হয়েছে বিরোধী দল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছে।

অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদব। নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি জানান, তিনি বর্তমানে বেকার এবং তাঁর কোনো আয়ের উৎস নেই। যে আয়ের তথ্য ফর্মে দেওয়া হয়েছে, তা সঠিক বলেই দাবি করেছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *