দুর্লভ দর্শন! শ্রাবণ মাসজুড়ে বাবা বিশ্বনাথের অলৌকিক সাজের অপেক্ষায় ভক্তরা

শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ সময়। এই বছর ৩০ জুলাই থেকে শুরু হতে চলা পবিত্র শ্রাবণ মাসকে কেন্দ্র করে কাশীর বিশ্বনাথ ধামে সাজ সাজ রব। মন্দির ট্রাস্টের সিইও বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, শ্রাবণের ৪টি সোমবার এবং পূর্ণিমা তিথিতে বাবা বিশ্বনাথের বিশেষ অলৌকিক রূপের দর্শন পাবেন ভক্তরা। বছরের এই বিশেষ সময়ে প্রথা অনুযায়ী পুরোহিতরা বাবার অভাবনীয় শৃঙ্গার সম্পন্ন করবেন।
শ্রাবণের প্রথম সোমবারে বাবা বিশ্বনাথ ‘শ্রী শঙ্কর’ রূপে আবির্ভূত হবেন, যেখানে গর্ভগৃহে অস্থায়ী প্রতিমায় চলবে পুষ্পশৃঙ্গার। ১০ আগস্ট দ্বিতীয় সোমবারে ভক্তরা পাবেন দুর্লভ ‘গৌরী-শঙ্কর’ রূপের দর্শন। এরপর ১৭ আগস্ট তৃতীয় সোমবারে অর্পিত হবে অত্যন্ত বিরল ‘অর্ধনারীশ্বর’ রূপের শৃঙ্গার। শ্রাবণের চতুর্থ সোমবারে প্রায় ৫ লক্ষ রুদ্রাক্ষ দিয়ে সাজানো হবে বাবাকে, যা পরবর্তীতে প্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হবে। শ্রাবণ পূর্ণিমার শেষ দিনে বাবা সপরিবারে ‘ঝুলা শৃঙ্গার’-এ বসবেন, যা সারা বছরের একমাত্র সুযোগ।
ধারণা করা হচ্ছে, এই বছর শ্রাবণ মাসে ৬০ লক্ষাধিক পুণ্যার্থী কাশী বিশ্বনাথের দর্শনে আসবেন। প্রতিটি সোমবারে ৪ থেকে ৬ লক্ষ ভক্তের ভিড় সামলাতে মন্দির কর্তৃপক্ষ ৭টি প্রবেশপথ চালু করছে। ভক্তদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা, পানীয় জল ও নিরবচ্ছিন্ন নিরাপত্তার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাকালের এই বিশেষ দর্শনে সামিল হতে এখন থেকেই অধীর অপেক্ষায় রয়েছেন দেশ-বিদেশের শিবভক্তরা।