Weather Alert: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’! দক্ষিণবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস, জেনে নিন আপনার জেলার হাল

উত্তরবঙ্গজুড়ে ফের দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শনি থেকে সোমবার পর্যন্তও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টিপাত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন হলেও, দুর্যোগের হাত থেকে নিস্তার নেই। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার হালচাল:
সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আবহাওয়ার নেপথ্যে:
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়ার ফলে এই বৃষ্টিপাত। পাশাপাশি উত্তর-পূর্ব আরব সাগর থেকে সিকিম পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।