সুখবর! পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা জমা শুরু, চেক করবেন যেভাবে?

দীর্ঘদিন অপেক্ষার অবসান! অবশেষে EPFO সদস্যদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে বার্ষিক সুদের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৩ জুলাই থেকে ধাপে ধাপে গ্রাহকদের অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে এই সুদ পাঠানো শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সকল যোগ্য সদস্যের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
ওয়েবসাইট বিভ্রাটে বিপাকে গ্রাহকরা
সম্প্রতি সিস্টেম আপগ্রেডের কারণে সাত দিন বন্ধ ছিল EPFO-র ওয়েবসাইট। ৩ জুলাই পরিষেবা আংশিক চালু হলেও এখনও অনেকে UAN পোর্টালে লগইন করতে পারছেন না। বিশেষ করে পাসবুক পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকরা সরাসরি অনলাইনে ব্যালেন্স চেক করতে পারছেন না। EPFO জানিয়েছে, প্রযুক্তিগত কাজ পুরোপুরি শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।
পাসবুক ছাড়া ব্যালেন্স চেক করার সহজ উপায়
ওয়েবসাইট বা পাসবুক পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় না থেকে, আপনি এই বিকল্প পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস জেনে নিতে পারেন:
মিসড কল পদ্ধতি: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ৯৯৬৬০৪৪৪২৫ (9966044425) নম্বরে একটি মিসড কল দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি এসএমএস-এর মাধ্যমে আপনার বর্তমান ব্যালেন্স ও সুদের তথ্য চলে আসবে।
এসএমএস পদ্ধতি: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘EPFOHO UAN LAN’ ফরম্যাটে (যেখানে LAN বলতে আপনার ভাষা বোঝানো হয়েছে) মেসেজ পাঠান ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে। ব্যালেন্সের তথ্য আপনার মোবাইলে চলে আসবে।
চলতি বছরের মার্চ মাসে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছিল EPFO, যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরই কার্যকর করা হচ্ছে। পাসবুক পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের এই জরুরি পদ্ধতিগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।