আবারও বড় ধাক্কা! মাইক্রোসফটে ছাঁটাই হতে চলেছেন ৫,০০০ কর্মী, বিপাকে এক্সবক্স টিম

বিশ্বজুড়ে প্রযুক্তি কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। আবারও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে টেক জায়ান্ট মাইক্রোসফট। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, সংস্থাটি তাদের বিশ্বব্যাপী কর্মীসংখ্যার প্রায় ২.৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তে প্রায় ৫,০০০ কর্মীর চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে।

কাদের ওপর পড়বে কোপ? সংস্থা সূত্রে খবর, এই ছাঁটাই প্রক্রিয়ার মূল প্রভাব পড়তে চলেছে সেলস, কনসাল্টিং এবং মাইক্রোসফটের নিজস্ব গেমিং বিভাগ ‘এক্সবক্স’-এর ওপর। হার্ডওয়্যার তৈরির খরচ বেড়ে যাওয়ায় এবং প্রতিযোগিতায় টিকে থাকতে এক্সবক্স বিভাগটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সংস্থাটি। এর অংশ হিসেবেই এই পুনর্গঠন প্রক্রিয়া।

কেন এই কঠিন সিদ্ধান্ত? বর্তমানে মাইক্রোসফটের মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই (AI)। এই প্রযুক্তিতে বিপুল পরিমাণ বিনিয়োগের জন্য সংস্থাকে খরচ কমাতে হচ্ছে। বিনিয়োগকারীদের মতে, এআই-এর ক্রমবর্ধমান আধিপত্যের সঙ্গে তাল মেলাতে গিয়েই মাইক্রোসফট তাদের পুরোনো সফটওয়্যার ব্যবসায় কাটছাঁট করছে। পাশাপাশি, গত এক মাসে শেয়ার বাজারে প্রায় ১৭ শতাংশ দরপতনও সংস্থাকে এই কঠিন সিদ্ধান্তে বাধ্য করেছে।

উল্লেখ্য, পরিস্থিতি সামাল দিতে মার্কিন কর্মীদের জন্য স্বেচ্ছামূলক অবসর প্রকল্প (Voluntary Retirement Scheme) চালু করেছে মাইক্রোসফট। যারা এই শর্ত পূরণ করবেন, তারা অবসর নিতে পারবেন।

চাকরি যাওয়ার আতঙ্কে কর্মীরা মাইক্রোসফটের জন্য কর্মী ছাঁটাই নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২৫ সালেও সংস্থাটি দু’দফায় মোট ১৫,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। গুগল, মেটা ও অ্যামাজনের মতো বড় কোম্পানিগুলো যে পথে হেঁটেছে, মাইক্রোসফটও কি সেই পথেই হাঁটছে? এই প্রশ্নই এখন প্রযুক্তি মহলে বড় হয়ে দেখা দিয়েছে।

যদিও মাইক্রোসফট কর্তৃপক্ষ এখনো এই নতুন কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রযুক্তি জগতের বর্তমান অস্থিরতায় এই খবর সাধারণ কর্মীদের মনে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *