পরীক্ষার তারিখ ২৮ জুলাই, আবেদনের শেষ সুযোগ ৮ জুলাই! সিবিএসই-র সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্ট পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে। নতুন ঘোষণা অনুযায়ী, পরীক্ষা ১৫ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। এই তারিখ বদলকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: বোর্ড জানিয়েছে, কম্পার্টমেন্ট পরীক্ষার জন্য আবেদন পোর্টাল খোলা হয়েছে। শিক্ষার্থীরা আগামী ৮ জুলাই রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবে। স্কুলগুলোকে ‘এলওসি’ (LOC) জমা দেওয়ার জন্য ৮ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিবিএসই।

কারা আবেদন করতে পারবেন?

  • যে সকল শিক্ষার্থী এ বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একটি বিষয়ে নম্বর উন্নত করতে চায়।

  • যে সকল শিক্ষার্থী একটি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে।

  • যারা ২০২৫ সালে কম্পার্টমেন্ট পরীক্ষার সুযোগ পেয়েছিল, তাদের জন্য এটি হবে তৃতীয় এবং শেষ সুযোগ।

পরীক্ষার ফি:

  • ভারতীয় শিক্ষার্থীদের জন্য: ৩০০ টাকা।

  • নেপালি শিক্ষার্থীদের জন্য: ১,১০০ টাকা।

  • ভারতের বাইরের শিক্ষার্থীদের জন্য: ২,২০০ টাকা। (দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না)

কেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা? পরীক্ষার তারিখ ১৫ জুলাই থেকে পিছিয়ে ২৮ জুলাই করার ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। পড়ুয়াদের মতে, ২৮ জুলাই পরীক্ষা হলে আগস্টের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না। কিন্তু ততদিনে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এর ফলে অসংখ্য মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে, অনেকেই পরীক্ষার তারিখ এগিয়ে আনা অথবা বোর্ডকে ‘গ্রেস মার্কস’ দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের এই উদ্বেগের কথা মাথায় রেখে সিবিএসই পরবর্তীকালে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *