সাবস্ক্রিপশন নিয়েও কেন বিজ্ঞাপন? অ্যামাজনের বিরুদ্ধে বড় আইনি পদক্ষেপ, কাঠগড়ায় প্রাইম ভিডিও

সাবস্ক্রিপশন ফি দেওয়ার পরেও কেন বিজ্ঞাপন দেখতে হবে? এই প্রশ্ন তুলেই এবার আইনি বিপাকে পড়ল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon)। গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও বেআইনিভাবে চুক্তির শর্ত পরিবর্তনের অভিযোগে অ্যামাজন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেডেরাল কোর্টে মামলা দায়ের করেছে ‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’ (ACCC)।
কী অভিযোগ উঠেছে?
অভিযোগ, অ্যামাজন কর্তৃপক্ষ তাদের প্রাইম সাবস্ক্রাইবারদের কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়েই সাবস্ক্রিপশন চুক্তিতে অনৈতিকভাবে পরিবর্তন এনেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়কালে এই পরিবর্তনের ফলে ১০ লক্ষেরও বেশি গ্রাহক প্রভাবিত হয়েছেন বলে জানিয়েছে কমিশন।
গ্রাহকদের সঙ্গে কেন প্রতারণা?
২০২৪ সালে অ্যামাজন প্রাইমে বিজ্ঞাপন চালু করা হয়। সমস্যা শুরু হয় যখন যে গ্রাহকরা আগেই বার্ষিক প্রাইম মেম্বারশিপের টাকা মিটিয়ে দিয়েছিলেন, তাঁরা দেখেন তাঁদের কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। বিজ্ঞাপন ছাড়া দেখার জন্য গ্রাহকদের আবারও নতুন করে প্রতি মাসে ২.৯৯ ডলার অতিরিক্ত ফি দিতে বাধ্য করা হয়েছে। যারা অতিরিক্ত টাকা দিতে রাজি হননি, তাঁরা বার্ষিক ফি দেওয়ার পরেও পরিষেবাটির ‘ডাউনগ্রেড ভার্সন’ বা বিজ্ঞাপনযুক্ত সংস্করণ ব্যবহার করতে বাধ্য হয়েছেন। কমিশনের দাবি, ৮.৫ লক্ষেরও বেশি গ্রাহক বার্ষিক সাবস্ক্রিপশন নেওয়ার পরই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
অ্যামাজনের প্রতিক্রিয়া:
শুধুমাত্র বিজ্ঞাপন দেখানোর বিষয়টিই নয়, বরং সাবস্ক্রাইবারদের কোনো প্রকার রিফান্ড বা ক্ষতিপূরণ না দেওয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। লক্ষ লক্ষ গ্রাহকের সঙ্গে এটি এক ধরনের প্রতারণা বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে অ্যামাজন প্রাইম জানিয়েছে, তারা এই অভিযোগগুলি খতিয়ে দেখছে।
তৎপরতা তুঙ্গে:
এই আইনি পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন পলিসি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গ্রাহক স্বার্থ রক্ষা এবং বড় সংস্থাগুলোর একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা।