সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই বিপদ! লাদাখে অফ-রোডিংয়ে কঠোর প্রশাসন

পর্যটনের নামে লাদাখের ভঙ্গুর পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের এলাকায় দাপাদাপি আর বরদাস্ত করবে না প্রশাসন। প্যাংগং হ্রদ, নদী ও বন্যপ্রাণী অভয়ারণ্যে অবৈধভাবে অফ-রোডিং এবং স্টান্ট প্রদর্শনের দায়ে চার পর্যটককে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে লাদাখ প্রশাসন। প্রতিটি গাড়ির জন্য ৫০,০০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

কী ঘটনা ঘটেছিল? সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার নেশায় সম্প্রতি বেশ কিছু পর্যটক মাহিন্দ্রা থার, হুন্ডাই ক্রেটা এবং টয়োটা ফরচুনারের মতো দামি গাড়ি নিয়ে প্যাংগং হ্রদ, নুব্রা উপত্যকা ও চ্যাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। হ্রদের জলে গাড়ি চালানো কিংবা নদীখাতে স্টান্ট করার ভিডিও নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। এই ভিডিওগুলো নজরে আসতেই কঠোর হয় প্রশাসন।

প্রশাসনের কড়া বার্তা লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশে বন্যপ্রাণী বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করে। তদন্তের পর চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। জরিমানা দেওয়ার পরই গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, লাদাখের বাস্তুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল। পর্যটনের নামে এখানকার পরিবেশ বা বিরল বন্যপ্রাণীর ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

কোন গাড়িগুলো ধরা পড়েছিল?

  • ২৩ জুন: প্যাংগং হ্রদের মেরাক এলাকায় জল দূষিত করে স্টান্ট করার সময় একটি মাহিন্দ্রা থার আটক করা হয়।

  • ২১ জুন: চ্যাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্যে অফ-রোডিং করার সময় একটি হুন্ডাই ক্রেটা গাড়ি আটক করা হয়।

  • ২০ জুন: নুব্রা-শায়ক বন্যপ্রাণী অভয়রাণ্যের নদীতে গাড়ি চালানোর সময় আরেকটি মাহিন্দ্রা থার জব্দ করা হয়।

  • ১৭ জুন: নুরবু লা এলাকায় টয়োটা ফরচুনার গাড়িতে একইভাবে আইন লঙ্ঘন করা হয়েছিল।

এই শাস্তিমূলক ব্যবস্থা লাদাখে ভ্রমণে আসা পর্যটকদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে নিয়মিত টহলদারি বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *