হাঁসফাঁস গরম ও আর্দ্রতার দাপট! কবে মিলবে স্বস্তি? জানাল আবহাওয়া দপ্তর

গত কয়েকদিনের খামখেয়ালি আবহাওয়ায় নাজেহাল শহরবাসী। সকাল থেকেই চড়া রোদ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টিহীন কলকাতায় কার্যত ‘হাঁসফাঁস’ অবস্থা মানুষের। আপাতত আবহাওয়ার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত মেঘলা থাকলেও ভ্যাপসা গরম বজায় থাকবে। মাঝে-মধ্যে রোদ উঠলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি চরমে উঠবে। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা এই গরম থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়।
তাপমাত্রার পারদ: আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৩% পর্যন্ত পৌঁছানোয় ‘রিয়েল ফিল’ বা অনুভূত তাপমাত্রা বাস্তব তাপমাত্রার চেয়ে অনেক বেশি থাকবে। ফলে অস্বস্তি যে আজ সারাদিন বজায় থাকবে, তা বলাই বাহুল্য।
কোথায় বৃষ্টির সম্ভাবনা? কলকাতায় বৃষ্টির আকাল চললেও রাজ্যের অন্যান্য জেলায় কিছুটা আশার আলো রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে:
-
দক্ষিণবঙ্গ: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
-
উত্তরবঙ্গ: ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। সেখানে অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘অ্যালার্ট’ জারি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় জনজীবন বিপর্যস্ত। আপাতত বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে থাকা শহরবাসীর স্বস্তির খবর কবে আসে, সেদিকেই তাকিয়ে সকলে।