২৬ বছর পর বাংলায় ফিরলেন অনুপম খের! ‘শুরু থেকে শুরু’ নিয়ে বড় চমক

ঋতুপর্ণ ঘোষের কালজয়ী ছবি ‘বাড়িওয়ালি’-র ২৬ বছর পর ফের একবার বাংলা চলচ্চিত্র প্রযোজনায় ফিরলেন বলিউডের অভিজ্ঞ অভিনেতা অনুপম খের। শমীক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তাঁর নতুন ছবি ‘শুরু থেকে শুরু’-র সাংবাদিক সম্মেলনে আজ তারকাদের চাঁদের হাট বসেছিল কলকাতায়।

অনুপমের ‘বাঙালি কানেকশন’: এদিন সাংবাদিক সম্মেলনে অনুপম খেরের মুখে শোনা গেল এক চমকপ্রদ তথ্য। অভিনেতা বলেন, “আমার ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে, আমি ৯৫ শতাংশ কাশ্মীরি এবং ৫ শতাংশ বাঙালি! জানি না এর রহস্য কী, তবে হয়তো ল্যাবরেটরির কাছেই এর উত্তর আছে।” বাঙালির খাদ্যাভ্যাসের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা জানালেন, কাল ডাল-বেগুন ভাজা খেয়েছেন এবং আজ তিনি জমিয়ে আমিষ খাবেন।

নতুন ছবির ঝলক: ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথ প্রযোজনায় এই ছবিতে থাকছেন টোটা রায়চৌধুরী, পাওলি দাম এবং রাহুল বোস। সাংবাদিক সম্মেলনে অনুপম খের জানান, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আরও একটি কাজের কথা ছিল, যা দুর্ভাগ্যবশত সম্ভব হয়নি। তবে এবার অনেক দিনের বিরতি কাটিয়ে বাংলায় কাজ শুরু করতে পেরে তিনি অত্যন্ত খুশি।

মুখ্যমন্ত্রীর আশ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনা: অনুপম খের জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শুটিংয়ের জন্য রাজ্যের যেকোনো জায়গা ব্যবহারের স্বাধীনতা দেওয়া হয়েছে তাঁকে। কেবল প্রযোজনা নয়, ভবিষ্যতে বাংলা ছবি পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর মতে, “কলকাতা ও এখানকার দর্শক অসাধারণ। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের এই ভূমিতে আরও কাজ করতে চাই।”

টলিউডে নতুন আশার আলো: দীর্ঘদিন টলিউডে বাইরের বিনিয়োগের অভাব ছিল। সেখানে অনুপম খেরের মতো একজন অভিজ্ঞ অভিনেতা ও প্রযোজকের হাত ধরে নতুন শুরুর সম্ভাবনা দেখছেন টলিউডের কুশীলবরা। প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, “অনুপম জি কেবল আর্থিক নয়, সৃজনশীল দিকটিও দেখবেন। বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য এটি দারুণ একটি পদক্ষেপ।”

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টোটা, পাওলি, রাহুল বোস, জিৎ গাঙ্গুলী এবং বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে, ‘শুরু থেকে শুরু’-কে ঘিরে টলিপাড়ায় এখন সাজ সাজ রব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *