‘বাংলা শুধু ভাষা নয়, সংস্কৃতি’! রাজ্যের হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বাংলা শিক্ষক নিয়োগের আর্জি জিতেন্দ্রর

পশ্চিমবঙ্গের হিন্দি মাধ্যম বিদ্যালয়গুলিতে বাংলা ভাষা শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগের দাবি জানালেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারি। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান, হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বাংলা ভাষা শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করা হোক এবং প্রতিটি স্কুলে অন্তত একজন করে বাংলা ভাষার শিক্ষক নিয়োগ করা হোক।

কেন এই উদ্যোগ?
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি দাবি করেন, এ রাজ্যে বসবাসকারী পড়ুয়াদের জন্য বাংলা ভাষার প্রাথমিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “বাংলা কেবল একটি ভাষা নয়, এটি রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।” তাঁর মতে, হিন্দি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা যদি ছোট থেকেই বাংলা শেখার সুযোগ পায়, তবে তারা স্থানীয় সমাজ ও সংস্কৃতির সঙ্গে আরও ভালোভাবে মিশতে পারবে।

ইটিভি ভারতকে কী বললেন বিধায়ক?
এই বিষয়ে ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে জিতেন্দ্র তিওয়ারি জানান, জীবিকার সন্ধানে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এ রাজ্যে আসেন। কিন্তু বাংলা ভাষা শিখতে না পারার ফলে তারা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির থেকে বিচ্ছিন্ন থেকে যান। তিনি বলেন, “অন্য মাধ্যমের স্কুলগুলিতে যদি বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক বা সহজলভ্য করা হয়, তবে পরবর্তী প্রজন্ম বাংলার গৌরবোজ্বল সংস্কৃতিকে নিজেদের মধ্যে ধারণ করতে পারবে।”

রাজনৈতিক ও শিক্ষামহলে চাঞ্চল্য
এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। যদিও অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে আক্রমণ করেছেন, তবুও নিজের অবস্থানে অনড় থেকে জিতেন্দ্র তিওয়ারি বাংলা ভাষার প্রসারে এই দাবিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। শিক্ষাবিদদের একাংশের মতে, যে রাজ্যে পড়ুয়াদের পঠন-পাঠন চলছে, সেই রাজ্যের ভাষা জানা তাদের সার্বিক বিকাশে এবং কর্মজীবনেও বিশেষ সহায়ক হতে পারে।

এখন দেখার বিষয়, বিধায়কের এই প্রস্তাবকে রাজ্য সরকার কতটা গুরুত্ব দেয় এবং আগামী দিনে হিন্দি মাধ্যম স্কুলগুলোতে বাংলা ভাষার প্রসারে কোনো সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *