“নির্মীয়মাণ সব বিল্ডিংয়ের কাজ বন্ধ:”-জেনেনিন কতদিন? বিরাট নির্দেশ শুভেন্দুর

তারাতলার ভয়াবহ নির্মাণ বিপর্যয়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন আরও ১২ থেকে ১৮ জন শ্রমিক। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বড়সড় প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন।
মুখ্যমন্ত্রী জানান, গত ১৭ জানুয়ারি অনুমোদিত এই বিল্ডিং প্ল্যানে মারাত্মক ত্রুটি ছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। এই ঘটনাকে কেন্দ্র করে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতা পুরসভা এলাকার সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক বা আবাসিক প্রকল্পের কাজ বন্ধ রাখতে হবে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, “পূর্ববর্তী সরকারের আমলে অনুমোদিত যে সব ভবন এখন নির্মীয়মাণ, সেগুলোর প্রতিটি প্ল্যান নতুন করে অডিট করা হবে।” তবে জরুরি পরিষেবা যেমন—হাসপাতাল, দমকল কেন্দ্র, মেট্রো প্রকল্প বা সেনা এলাকাগুলি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
অডিট কমিটির তত্ত্বাবধানে নতুন নিয়ম: ত্রুটিপূর্ণ নির্মাণ রুখতে মুখ্যমন্ত্রী একটি বিশেষ অডিট টিম গঠনের কথা ঘোষণা করেছেন। মুখ্যসচিবের নেতৃত্বে এই টিমে থাকবে—
-
কলকাতা পুরসভা ও কেএমডিএ (KMDA) প্রতিনিধি।
-
পূর্ত দফতর, সিভিল ডিফেন্স ও দমকল বিভাগ।
-
পুলিশ ও প্রয়োজন সাপেক্ষে পোর্ট ও মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকরা।
এই টিম এলাকা পরিদর্শন করে ও বিল্ডিং প্ল্যান যাচাই করে রিপোর্ট দেওয়ার পরেই ১ অগাস্ট থেকে নির্মাণ কাজ পুনরায় শুরুর অনুমতি দেওয়া হবে। ভবিষ্যতে এই অডিট প্রক্রিয়া বিধাননগর ও হাওড়া এলাকাতেও কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তদন্ত ও দায়বদ্ধতা: তৃণমূল আমলে অনুমোদিত প্ল্যানগুলির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “জলাশয় বুজিয়ে বা নিয়ম বহির্ভূতভাবে তৈরি হওয়া নির্মাণগুলো এবার কড়া নজরে রাখা হবে।” তারাতলার এই গুদামঘর ও কোল্ড স্টোরেজ ধসের নেপথ্যে থাকা অপরাধীদের চিহ্নিত করতে বিস্তারিত তদন্ত শুরু করেছে প্রশাসন।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ২১ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকর্মীরা গ্যাস কাটার ও ক্রেন ব্যবহার করে ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকা ব্যক্তিদের প্রাণপণে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।