দেবরাজের আগাম জামিন খারিজ, বাগুইআটি ছাড়তে হবে অদিতি মুন্সীকে! কী নির্দেশ হাইকোর্টের?

তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও জনপ্রিয় গায়িকা তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর আইনি জটিলতা আরও বাড়ল। ১০০ কোটির সম্পত্তির তথ্য গোপন ও বেআইনিভাবে সম্পত্তি হস্তান্তরের অভিযোগে দায়ের করা মামলায়, বুধবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন দেবরাজ। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে, তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে আর কোনো আইনি বাধা রইল না পুলিশের সামনে।

অদিতি মুন্সীর জন্য আদালতের কড়া শর্ত: দেবরাজের জামিন খারিজ হলেও, চার মাসের সন্তানের কথা বিবেচনা করে অদিতির ক্ষেত্রে আপাতত রক্ষাকবচ বহাল রেখেছে আদালত। তবে, গায়িকাকে কঠোর কিছু শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে:

  • অদিতি মুন্সী বাগুইআটি থানা এলাকায় থাকতে পারবেন না। অন্যত্র বসবাসের ঠিকানা এবং নিজের ফোন নম্বর তদন্তকারীদের জানাতে হবে।

  • তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

  • স্থানীয় আদালতে নিজের বর্তমান যোগাযোগের নম্বর জমা রাখতে হবে।

অভিযোগকারীদের ভয় দেখানোর আশঙ্কার কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর। পাশাপাশি, এই মামলায় নতুন করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত ধারা যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কী অভিযোগ এই দম্পতির বিরুদ্ধে? নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় আয়ের ভুল তথ্য দেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করে সম্পত্তির হিসাব গোপনের অভিযোগ রয়েছে দেবরাজ ও অদিতির বিরুদ্ধে। অভিযোগ, ১০০ কোটির বেশি মূল্যের সম্পত্তি হলফনামা জমার ঠিক আগেই কৌশলে হস্তান্তর করা হয়েছে। যদিও হাইকোর্ট পর্যবেক্ষণ করেছে যে, সম্পত্তি হাতবদল আইনত অপরাধ নয়, তবুও ভোটের আগে হঠাৎ এমন বিশাল সম্পত্তি হস্তান্তরের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং রাজ্যের অর্থ দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *