রুটি ও ফলের রসে কি আদৌ ‘১০০%’ বিশুদ্ধতা? বড় পদক্ষেপ নিল সরকার, জরিমানা করা হলো স্টোরিয়া ও ইংলিশ ওভেনকে!

খাদ্যপণ্যের মোড়কে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)। ভুল ও বিভ্রান্তিকর প্রচারের জেরে নামী ব্র্যান্ড ‘স্টোরিয়া ফুডস অ্যান্ড বেভারেজেস’ এবং ‘ইংলিশ ওভেন’ ব্রেডের প্রস্তুতকারক সংস্থা ‘মিসেস বেক্টরস ফুড স্পেশালিটিস লিমিটেড’-কে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
কীভাবে বিভ্রান্ত করা হচ্ছিল গ্রাহকদের?
অভিযোগ উঠেছে যে, সংস্থাগুলি তাদের পণ্য, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় “১০০%” শব্দটি এমনভাবে ব্যবহার করছিল, যা সাধারণ গ্রাহকদের মনে ভুল ধারণা তৈরি করছিল। পণ্যটি পুরোপুরি নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি—এই দাবি আদতে ছিল বিভ্রান্তিকর। সিসিপিএ-র স্পষ্ট বক্তব্য, যখন কোনো শব্দের কোনো ভিন্ন আইনি সংজ্ঞা থাকে না, তখন সাধারণ মানুষ সেটিকে তার আক্ষরিক অর্থেই গ্রহণ করেন। ফলে বিজ্ঞাপন দেখে পণ্যটি কেনা গ্রাহকরা প্রতারিত বোধ করছিলেন।
তদন্তে বেরিয়ে এল সত্য
তদন্ত চলাকালীন দেখা যায়, বিশেষ করে স্টোরিয়া ফুডস-এর “১০০% ডাবের পানি” এবং বিভিন্ন ফলের রসের বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছিল, তা বাস্তবের উপাদানের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম ও প্যাকেজিংয়ে এই বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছিল।
সিসিবিএ-র নির্দেশ
জরিমানা করার পাশাপাশি সিসিপিএ কঠোর নির্দেশ দিয়েছে যে, অবিলম্বে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট এবং পণ্যের প্যাকেজিং থেকে এই বিতর্কিত “১০০%” দাবিটি সরিয়ে ফেলতে হবে।
ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের এই পদক্ষেপ দেশের খাদ্যপণ্য প্রস্তুতকারী সংস্থাগুলোর জন্য একটি কড়া সতর্কবার্তা হিসেবে দেখছেন বাজার বিশেষজ্ঞরা। ভবিষ্যতে কোনো সংস্থাই যাতে গ্রাহকদের আবেগকে পুঁজি করে ভুল তথ্য পরিবেশন না করে, তার জন্য সিসিপিএ-র এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।