NEET-পরীক্ষার্থীদের যদি অসুবিধা হয়, ৪৫ মিনিট অপেক্ষা PM মোদীর, প্রশংসায় নেটপাড়া

রবিবার দেশজুড়ে আয়োজিত NEET-UG রিটেস্ট নিয়ে পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর রাস্তায় পরীক্ষার্থীদের যাতায়াত এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরে দীর্ঘ ৪৫ মিনিট অপেক্ষা করেন।

কী ঘটেছিল রবিবার? সূত্রের খবর, রবিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরে পৌঁছান। সাধারণত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কনভয় দ্রুত গন্তব্যের দিকে রওনা দেয়, যার ফলে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এদিন NEET-UG রিটেস্টের গুরুত্বের কথা মাথায় রেখে তিনি নিজের সফরসূচি কিছুটা পরিবর্তন করেন। ঠিক দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কারণে, সেই সময়ে রাস্তায় পরীক্ষার্থীদের ভিড় ছিল তুঙ্গে। তাই ট্রাফিক জ্যাম বা কনভয়ের জন্য পরীক্ষার্থীদের কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই তিনি বিমানবন্দরেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর, পরিস্থিতি স্বাভাবিক বুঝে তিনি বিমানবন্দর থেকে নিজের বাসভবনের দিকে রওনা হন।

কঠোর নিরাপত্তার বলয়ে রিটেস্ট প্রশ্নফাঁস ও অনিয়মের বিতর্কের পর এবার অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে NEET-UG রিটেস্ট অনুষ্ঠিত হচ্ছে। দেশজুড়ে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী ৫,৪৪০টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিয়েছেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার ১.৩৮ লক্ষ সিসিটিভি ক্যামেরার নজরদারি, ৫১ হাজার জ্যামার এবং বায়ুসেনার Mi-17 হেলিকপ্টারসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবে পূর্ব রেলের তরফেও চালানো হয়েছে বিশেষ ট্রেন পরিষেবা।

প্রধানমন্ত্রীর এই মানবিক সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *