ইতিহাস গড়লেন হরমনপ্রীত! ২০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড ভারত অধিনায়কের

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতেই এক নতুন ইতিহাস গড়লেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০টি ম্যাচ খেলার বিরল মাইলফলক স্পর্শ করলেন এই তারকা ব্যাটার।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসের জন্য মাঠে নামার পরই হরমনপ্রীতের মুকুটে যুক্ত হলো এই পালক। পুরুষ বা নারী—বিশ্বের কোনো ক্রিকেটারই এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ ম্যাচের গণ্ডি স্পর্শ করতে পারেননি। ১৭ বছরের দীর্ঘ ও বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে অদম্য মানসিকতা এবং দুর্দান্ত ফিটনেসের জোরেই তিনি এই অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন হরমনপ্রীত। কাকতালীয়ভাবে, ২০২৬ সালে সেই ইংল্যান্ডের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণে তিনি পূর্ণ করলেন ২০০ ম্যাচের মাইলফলক।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, হরমনপ্রীতের এই রেকর্ড বিশ্ব ক্রিকেটে একটি বড় অনুপ্রেরণা। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা বজায় রেখে টি-টোয়েন্টি ফরম্যাটের মতো দ্রুতগতির খেলায় ২০০ ম্যাচ খেলা সত্যিই এক অভাবনীয় কৃতিত্ব। এই ঐতিহাসিক মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারত অধিনায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *