বিনা টিকিটে ট্রেন সফর? এবার দিতে হবে ডাবল ফাইন! রেলের নতুন নিয়ম জারি

ট্রেন সফরে এবার থেকে টিকিট ছাড়া যাতায়াত করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা। অবৈধ যাত্রীদের রুখতে এবং টিকিটিহীন সফর বন্ধ করতে ভারতীয় রেল বোর্ড এক অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ‘জন বিশ্বাস অ্যাক্ট, ২০২৬’-এর আওতায় রেলওয়ে অ্যাক্টের পুরোনো নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।
জরিমানার নতুন অঙ্ক রেলসূত্রে পাওয়া খবর অনুযায়ী, এতদিন পর্যন্ত বিনা টিকিটে সফরের জন্য সর্বনিম্ন জরিমানার পরিমাণ ছিল ২৫০ টাকা। নতুন নিয়ম অনুযায়ী, এই জরিমানা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। ভারতীয় রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ১৩৭ এবং ১৩৮ ধারার ভিত্তিতে এই পরিবর্তন কার্যকর করা হচ্ছে।
কাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য? রেলের নতুন নিয়মের পরিধি বেশ ব্যাপক। শুধুমাত্র হাতে টিকিট না থাকলেই যে জরিমানা দিতে হবে তা নয়, নিচের ক্ষেত্রগুলোকেও ‘টিকিটবিহীন সফর’ হিসেবে গণ্য করা হবে:
-
নির্দিষ্ট তারিখ পেরিয়ে যাওয়া টিকিট বা পাস ব্যবহার করে ভ্রমণ।
-
টিকিট ছাড়া রেল চত্বরে বা ট্রেনে ভ্রমণ।
-
বিনা টিকিটে নির্দিষ্ট গন্তব্যের বাইরে সফর।
পূর্ব রেলে টিকিট চেকিংয়ে রেকর্ড রাজস্ব যাত্রীদের মধ্যে বৈধ টিকিটে সফরের প্রবণতা বাড়াতে চেকিং অভিযান জোরদার করেছে পূর্ব রেল। এর ফলও মিলছে হাতেনাতে। ২০২৬ সালের মে মাসে পূর্ব রেলের টিকিট চেকিং থেকে আয়ের পরিমাণ ১৩.০৫ কোটি টাকায় পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৮.৬৮ কোটি টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় রাজস্বে প্রায় ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
যাত্রীদের জন্য রেলের পরামর্শ রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের উদ্দেশ্যে কিছু বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে: ১. সফরের সময় অবশ্যই বৈধ টিকিট বা পাস সঙ্গে রাখুন। ২. আপনার টিকিটে যে পর্যন্ত গন্তব্য উল্লেখ আছে, তার বাইরে ভ্রমণ করবেন না। ৩. সহযাত্রীদের অসুবিধার সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকুন।
রেলের এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর টিকিটহীন যাত্রীদের ওপর নজরদারি আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আপনার যাত্রা নিরাপদ ও ঝামেলামুক্ত করতে নিয়ম মেনে টিকিট কেটে ভ্রমণ করুন।