বিশেষ: মাংস ব্যবসায়ীর হাতে কেন বিশ্বকাপ? বিশ্বব্যাপী শুরু সমালোচনার ঝড়

আসল নাম নুসরেত গোকচে, তবে গোটা বিশ্বে তিনি ‘সল্ট বে’ নামেই পরিচিত। বিশ্বকাপ ফাইনালে লুসাইল স্টেডিয়ামে খেলা দেখছিলেন জনপ্রিয় এই ধনী শেফ গোকচে। আর সেখানেই এমন এক কাণ্ড করে বসেন, যার ফলে রীতিমতো বিতর্কের জন্ম দিলেন।
গত রোববার ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি হাজির হয়েছিলেন লুসাইল স্টেডিয়ামে। ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে জয় পাওয়ার পর শুরু হয় লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের উৎসব।

এসময় গ্যালারি থেকে মাঠে নেমে আসেন সল্ট বে। বিশ্বকাপটা হাতে ধরে নেন তিনি। আর তাতেই শুরু হয়ে যায় বিতর্ক। ‘বিশ্বকাপ হাতে ধরার তিনি কে?’ এই মন্তব্যও ধেয়ে আসতে থাকে তার দিকে।

সাধারণত যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হন তারাই বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সামনে সুযোগ থাকে এই ট্রফি ছুঁয়ে দেখার। সল্ট বে দুটোর একটা ক্যাটাগরিতেও পড়েন না। মূলত সে কারণেই বিশ্বব্যাপী শুরু হয়েছে বিতর্ক।

লিওনেল মেসিও খানিকটা বিরক্তি প্রকাশ করেছিলেন গোকচের এমন আচরণে। বারে বারে তার সঙ্গে ছবি তোলার জন্য মেসিকে আবেদন করতে থাকেন গোকচে। তিনবার এমন অনুরোধের পর বিরক্ত হয়ে যান মেসি।

সল্ট বে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধনী শেফদের মধ্যে একজন। কাটা স্টেকের ওপর তার হাতটা সাপের মতো বাঁকিয়ে বিচিত্র ভঙ্গিতে লবন ছিটিয়ে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। তার রেষ্টুরেন্টে পৃথিবীর বিখ্যাত সব সেলিব্রিটিরা অতিথি হয়ে যান। মেসিও তাদের একজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *