একঘেয়ে সজনে ডাঁটার তরকারি আর নয়! ট্রাই করুন জিভে জল আনা সজনে ডাঁটার ভর্তা

প্রতিদিনের রান্নাঘরে একই মেনু খেতে খেতে একঘেয়েমি আসাটাই স্বাভাবিক। সজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হলেও অনেকেই ডাল বা তরকারিতে তা খেতে পছন্দ করেন না। তাদের জন্য আজ রয়েছে দারুণ এক স্বাদের হদিস— ‘সজনে ডাঁটার ভর্তা’। যদিও এটি ওপার বাংলার খাবার, তবে এখন এপার বাংলাতেও এর জনপ্রিয়তা তুঙ্গে। অল্প উপকরণে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি।

প্রয়োজনীয় উপকরণ:

সজনে ডাঁটা: ৫-৬টি

পোস্ত: ৩ চা-চামচ

সর্ষে: ২ চা-চামচ

কালোজিরে: ১ চা-চামচ

কাঁচালঙ্কা: ৩-৪টি

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: এক চিমটি

নুন: স্বাদমতো

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সজনে ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর এগুলোকে আগুনের ওপর ভালো করে পুড়িয়ে নিতে হবে।
২. ডাঁটাগুলো ঠান্ডা হলে ধীরে ধীরে এক পাশের খোসা ছাড়িয়ে নিন। এবার একটি চামচের সাহায্যে ডাঁটার ভেতরের নরম শাঁসটি বের করে নিন।
৩. এরপর সর্ষে, পোস্ত এবং কাঁচালঙ্কা মিহি করে বেটে নিন। ডাঁটার শাঁসটিও হালকা করে বেটে নিতে হবে।
৪. কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালোজিরে ফোড়ন দিন।
৫. এবার এতে বেটে রাখা ডাঁটার শাঁস ও সর্ষে-পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
৬. পরিমাণমতো নুন ও এক চিমটি হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিশ্রণটি থেকে তেল ছাড়তে শুরু করলে নামিয়ে নিন।

ব্যাস, তৈরি আপনার স্বাস্থ্যকর ও সুস্বাদু সজনে ডাঁটার ভর্তা! গরম ভাতের সাথে এই পদটি পরিবেশন করলেই বাড়ির ছোট থেকে বড়—সবাই চেটেপুটে খাবে।